আজ শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের খেলা। দিবাগত রাত ২টায় অ্যালিয়েঞ্জ অ্যারেনায় মুখোমুখি হবে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সালজবুর্গ। একই সময়ে অ্যানফিল্ডে মুখোমুখি হবে লিভারপুল-ইন্টার মিলান। 

বায়ার্ন মিউনিখ প্রথম লেগে ১-১ গোলে ড্র করে ফিরেছিল সালজবুর্গের মাঠ থেকে। চ্যাম্পিয়নস লিগ ও ফ্রেন্ডলি ম্যাচ মিলিয়ে এ পর্যন্ত দল দু’টি মুখোমুখি হয়েছে পাঁচবার। চ্যাম্পিয়ন্স লিগের তিন ম্যাচের মধ্যে দুটিতেই জয় বায়ার্নের, একটিতে ড্র করতে সক্ষম হয় সালাজবুর্গ (চলতি আসরের প্রথম লেগে)। দুটি ফ্রেন্ডলি ম্যাচের একটিতে ৩-০ গোলের জয় ও আরেকটিতে গোলশূন্য ড্র আছে দলটির।

অ্যালিয়েঞ্জ অ্যারেনায় একটি ম্যাচ খেলে সেটিতে হারতে হয়েছিল সালজবুর্গকে। গত মৌসুমে গ্রুপ পর্বে দেখা হয়েছিল দু’দলের। যেখানে প্রথম দেখায় বায়ার্ন ৩-১ ও দ্বিতীয় লেগে ৬-২ গোলে অস্ট্রিয়ান ক্লাবটিকে বিধ্বস্ত করে। ঘরের মাঠে সবসময় বিধ্বংসী ব্যাভারিয়ানরা।

অন্যদিকে সান সিরোয় প্রথম লেগে ০-২ গোলে জয় নিয়ে ফিরেছে লিভারপুল। তাই ঘরের মাঠে এগিয়ে থেকেই ইন্টারের বিপক্ষে দ্বিতীয় লেগে খেলবে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ইউরোপিয়ান কাপে দু’বার এবং চ্যাম্পিয়ন্স লিগ নামকরণের পর তিনবার দল দুটি মুখোমুখি হয়। যেখানে মাত্র একবার জিতেছে ইন্টার, বাকি চারবারই জেতে লিভারপুল।

চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে নেই অ্যাওয়ে গোলের নিয়ম। নতুন নিয়ম অনুযায়ী দুই লেগের খেলায় ১৮০ মিনিটে শেষে যদি দুই দলের মোট গোল সমান হয়, সে ক্ষেত্রে ৩০ মিনিট অতিরিক্ত খেলা হবে। এতেও ফলাফল না পেলে পেনাল্টি শুটআউটের মাধ্যমে বিজয়ী নির্ধারিত হবে। এর ফলে অপেক্ষা করছে বাড়তি রোমাঞ্চ।