কোনো বৈশ্বিক ও আঞ্চলিক প্রতিযোগিতা ছাড়া ভারত-পাকিস্তান দ্বৈরথ এখন দেখা যায় না। চির প্রতিদ্বন্দ্বী দলের দুই ক্রিকেটার বিরাট কোহলি ও বাবর আজমের রোমাঞ্চকর লড়াই দেখা থেকেও তাই দর্শকরা বঞ্চিত হন। সম্প্রতি কিছুটা ফর্ম হারিয়ে ভুগছেন কোহলি। অন্যদিকে দোর্দণ্ডপ্রতাপে বাবর একের পর এক রেকর্ড ভাঙাগড়ায় মেতেছেন। দুজনের মধ্যে কে সেরা, তা নিয়েও ভক্তদের অনেক তর্ক। সময়ের আলোচিত এই দুই ক্রিকেটারকে যদি দেখা যায় একই দলের হয়ে খেলতে! এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সে ব্যবস্থাই করছে, একই দলের হয়ে খেলতে পারেন দুই দেশের দুই সুপারস্টার।
২০২৩ সাল থেকে আবার শুরু হতে যাচ্ছে আফ্রো-এশিয়া কাপ। আফ্রিকা অঞ্চলের ও এশিয়ার দলগুলো থেকে একাদশ তৈরি করা হয়। এশিয়া একাদশে মাঠে নামতে পারেন কোহলি ও বাবর। এর আগে সর্বশেষ ২০০৫ ও ২০০৭ সালে হয়েছিল আফ্রো-এশিয়া কাপ। এরপর রাজনীতি ও সম্প্র্রচার জটিলতায় মহাদেশীয় এই টুর্নামেন্ট স্থগিত হয়ে যায়। আগামী বছর টি২০ সংস্করণে হবে এ প্রতিযোগিতা।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বাণিজ্য ও ইভেন্ট প্রধান প্রভাকরণ থানরাজ বলেছেন, বিষয়টি নিয়ে আমরা কাজ শুরু করেছি। যদিও এখনো নিশ্চিত নয়। তবে শিগগিরই এ-সংক্রান্ত প্রস্তাব বোর্ডগুলোর কাছে পাঠানো হবে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩ সালের জুন-জুলাইয়ে হবে এ আয়োজন। আমরা চেষ্টা করব ভারত ও পাকিস্তান থেকে সেরা খেলোয়াড় নিয়ে এশিয়ান একাদশ সাজাতে। বোর্ডগুলোর কাছ থেকে সবুজসংকেত পেলে আমরা স্পন্সরশিপ ও সম্প্র্রচারের বিষয়টি নিয়ে কাজ শুরু করব। নিঃসন্দেহে এটা হবে একটি বড় আয়োজন।










