উইমেন্স ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে জার্মানিকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড। গতকাল লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ১২০ মিনিটের লড়াইয়ে জার্মানদের ২-১ গোলে হারিয়েছে ইংলিশরা। এলা টুন স্বাগতিকদের এগিয়ে নেয়ার পর অতিথিদের হয়ে সমতা টানেন লিনা মাগুল। নির্দিষ্ট সময় ১-১ ব্যবধানে শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১০ মিনিটের সময় ক্লোয়ি ম্যাগি কেলির গোল গড়ে দেয় ব্যবধান।

প্রতিযোগিতাটিতে এর আগে আটবার ফাইনালে উঠে প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। অন্যদিকে  ইংল্যান্ড এর আগে দুইবার ফাইনালে খেলে প্রত্যেকবারই হেরেছিল। দুই দলের জন্যই ফাইনালে প্রথমবার জয় ও হার এটি। নারী ফুটবলের ইতিহাসে এটাই ইংল্যা্ন্ডের প্রথম শিরোপা।

মহাদেশীয় লড়াইয়ের ফাইনালে গোলশূন্যয় শেষ হয় প্রথমার্ধ। ৫৬ মিনিটে বদলি নামেন এলা টুন। মাঠে নামার ছয় মিনিটের মাথায় দলকে কাঙ্ক্ষিত গোল এনে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড। ৭৯ মিনিটে পাল্টা আক্রমণে গোল করে ইংলিশদের স্তব্ধ করে দেন মিডফিল্ডার মাগুল। ৯০ মিনিটের খেলা শেষে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে অতিরিক্ত সময়। ১১০ মিনিটে স্বস্তির গোল পায় স্বাগতিকরা।

কর্নার কিকে ডি-বক্সে উড়ে আসা বলে প্রথম দফায় জটলার মধ্যে পা লাগাতে পারেননি কেলি। জার্মান গোলরক্ষকও পারেননি ক্লিয়ার করতে। দ্বিতীয়বার সুযোগ পেয়ে বল জালে পাঠাতে ভুল করেননি ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার ক্লোয়ি ম্যাগি কেলি।

বাকি সময় রক্ষণ আগলে পার করে দেয় ইংল্যান্ড। এরপর ওয়েম্বলি মেতে ওঠে ইউরোপ জয়ের উৎসবে।