বিমানবন্দরে ফুলেল সংবর্ধনার পর ছাদখোলা বাসে বাফুফে ভবনের পথে রওনা দিয়েছে সাফ জয়ী নারী ফুটবল দল। ছাদখোলা বাসে খেলোয়াড়দের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান, কোচ গোলাম রাব্বানী ছোটন ও বাফুফে কর্মকর্তারাও মতিঝিলের ফুটবল ভবনের দিকে যাচ্ছেন। দলটিকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর থেকে পুরো রাস্তায় দুই পাশ জনস্রোতে পরিণত হয়েছে।
এর আগে শিরোপা নিয়ে আজ বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সানজিদা-সাবিনাদের বহন করা উড়োজাহাজটি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ও অন্য কর্তারা বরণ করে নেন সাবিনা-মারিয়া-কৃষ্ণাদের। খেলোয়াড়দের গলায় ফুলের মালা পরিয়ে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে শুরুতেই কেক কাটা হয়। ক্রীড়া প্রতিমন্ত্রী কেক তুলে দেন অধিনায়ক সাবিনা খাতুনের মুখে। তিনি শুধু অধিনায়কই নন, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোল স্কোরারও। কোচ গোলাম রব্বানী ছোটনকেও কেক খাইয়ে দেয়া হয়।
শহরের নানা প্রান্ত প্রদক্ষিণ করে বাসটি যাবে মতিঝিলে বাফুফে ভবনে। মেয়েদেরকে বরণ করে নেয়ার আনুষ্ঠানিকতা আছে সেখানেও। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন দলকে অভ্যর্থনা জানাবেন বাফুফেতেই।










