কোপা আমেরিকার ৪৮তম আসরই হয়তো লিওনেল মেসির শেষ আসর। তবে শেষ ম্যাচেও পুরোটা সময় থাকা হলো না মেসির। ইনজুরির কারণে মাঠ ছাড়তে হলো আর্জেন্টাইন মহাতারকাকে। ৬৬ মিনিটে বদলি করা হলো তাকে। বদলি হিসেবে নেমেছেন নিকোলাস গঞ্জালেস। কান্নাভেজা চোখে মেসি বিদায় জানালেন মাঠকে।
সোমবার (১৫ জুলাই) সকালে একাধিকবার পিছিয়ে যাওয়া ম্যাচ শেষ পর্যন্ত মাঠে গড়ায় সকাল সাড়ে ৭টায় (বাংলাদেশ সময়)। তবে আকাঙ্ক্ষিত সেই ফাইনালের প্রথমার্ধে গোল পায়নি কেউই। এ ম্যাচে আর্জেন্টিনার ভাগ্যটা অবশ্য ভালোই বলতে হবে। জন কর্দোবার শট সপ্তম মিনিটে ফিরে আসে গোলবার থেকে। এরপরেও অবশ্য হাল ছাড়েনি কলম্বিয়া। পুরো ৪৫ মিনিটেই দাপট ছিল তাদের। একের পর এক শট নিয়েছে আর্জেন্টিনার গোলমুখে। এমি মার্টিনেজ অন্তত ৩ বার দলকে রক্ষা করেছেন নিশ্চিত গোলের মুখ থেকে।
বিপরীতে আর্জেন্টিনা খুব একটা সুযোগ পায়নি। অন টার্গেট শট ছিল কেবল একটিই। এরমাঝেও শঙ্কা ছিল কলম্বিয়ার শারীরিক ফুটবলের কারণে। আনহেল ডি মারিয়া, লিসান্দ্রো মার্টিনেজরা কড়া ফাউলের মুখে পড়েছেন। ম্যাচের ৩৭ মিনিটে কড়া ট্যাকেলের শিকার হয়ে মাঠের বাইরে চলে যেতে হয় লিওনেল মেসিকে। খানিক পরেই মাঠে ফিরে এলেও মেসির গোড়ালিতে আঘাতের প্রভাব ছিল স্পষ্ট। সবমিলিয়ে অবশ্য কঠিন সময় পেরিয়েছে তাদের জন্য।
নিশ্চিতভাবেই লিওনেল মেসির জন্য এটি ছিল শেষ কোপা আমেরিকা।










