ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজন ঘিরে উৎসবে মেতে উঠেছে পুরো বিশ্ব। তবে এ আসরেই শেষবারের মতো বিশ্বকাপ খেলবেন বেশ কয়েকজন শীর্ষ তারকা। এরপর কেউ অবসর নেবেন, কেউবা আর কিছুদিন খেলে থেমে যাবেন। বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো দুজনেরই দেশের জার্সিতে শেষ বিশ্বকাপ এটি। দুজনেই ঘোষণা দিয়েছেন, কাতারেই খেলবেন শেষ বিশ্বকাপ।
ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগাল
রোনালদোর ব্যাপারে কখনই ভবিষ্যদ্বাণী করা যায় না। তবে তার বয়স এখন ৩৭, পরবর্তী বিশ্বকাপে যা হবে ৪১। সহজ হিসেবে এটাই তার শেষ বিশ্বকাপ। সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি নিজেও বলে দিয়েছেন, কাতারই শেষ মিশন তার। ক্লাব ফুটবলের ইতিহাসে সাত শতাধিক গোল নিয়ে গ্রেটদের একজন তিনি। পাঁচবার ব্যালন ডি’অরসহ জিতেছেন ৩০টিরও বেশি ট্রফি। বর্ণাঢ্য ক্যারিয়ারে বিশ্বকাপ জয়ের এটাই তার সেরা সুযোগ।
লিওনেল মেসি, আর্জেন্টিনা
বার্সেলোনা ও পিএসজির হয়ে মোট ৬৯৫টি গোল করা মেসি ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। রেকর্ড সাতবার ব্যালন ডি’অরজয়ী এ ফরোয়ার্ড দীর্ঘ অপেক্ষার পর গত বছর আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা শিরোপা জয় করেন। এবার কাতারে বিশ্বকাপ জিতলেই পেলে ও দিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্তির পাশে নাম উঠবে তার। কাতার বিশ্বকাপটি মেসির সামনে সবচেয়ে বড় সুযোগ।
রবার্ট লেভানদোভস্কি, পোল্যান্ড
৩৪ বছর বয়সী রবার্ট লেভানদোভস্কি কাতারে ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এবং সম্ভবত এটাই তার শেষ বিশ্বকাপ। বার্সেলোনার হয়ে ১৯ ম্যাচে ১৮টি গোল করেছেন এ পোলিশ তারকা। যদিও পোল্যান্ডের হয়ে গত বিশ্বকাপে আলো ছড়াতে পারেননি, চার ম্যাচে ছিলেন গোলশূন্য। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ১১ ম্যাচে পাঁচ গোল করেছেন। এবার শেষ বিশ্বকাপে গোল পাওয়ার আশা তার।
লুই সুয়ারেজ, উরুগুয়ে
সুয়ারেজের বয়স ৩৫ বছর। মেসি রোনালদোর মতো এটাই তার শেষ বিশ্বকাপ। সাবেক লিভারপুল, বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার সম্প্রতি তার প্রথম ক্লাব ন্যাসিয়োনালের হয়ে উরুগুয়ের লিগ শিরোপা জিতেছেন। সুয়ারেজ ছাড়াও উরুগুয়ের দলে ৩৫ বছর বয়সী এডিনসন কাভানি ও ৩৬ বছর বয়সী দিয়োগো গডিন শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।
লুকা মডরিচ, ক্রোয়েশিয়া
৩৭ বছর বয়সী লুকা মডরিচের জন্য কাতার বিশ্বকাপ হতে পারে সর্বশেষ আসর। ক্রোয়েশিয়ার হয়ে এটি তার অষ্টম বড় আসর হবে। মডরিচ বিশ্বকাপ টুর্নামেন্ট শেষে অবসর নিতে যাচ্ছেন। যদিও তার ম্যানেজার সম্প্রতি জানিয়েছেন, মডরিচ এখনই ফুটবলকে বিদায় জানাচ্ছেন না। ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলতে মডরিচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
করিম বেনজেমা, ফ্রান্স
বিশ্বকাপ শেষে করিম বেনজেমার বয়স হবে ৩৫ বছর। রিয়াল মাদ্রিদের এ তারকা স্ট্রাইকার ৪৬ ম্যাচে ৪৪ গোল করে বিশ্বকাপে এসেছেন। ২০২২ সালের ফিফা ব্যালন ডি’অর জিতেছেন কয়েকদিন হলো। এর আগে ২০১৪ সালের বিশ্বকাপে খেলেছেন। কাতার বিশ্বকাপ বেনজেমার জন্য দ্বিতীয় বৈশ্বিক আসর। দারুণ ফর্মে থাকলেও বয়সের বাস্তবতায় এটাই হয়তো তার শেষ বিশ্বকাপ।










