টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা দল পাকিস্তানের নবম আসর শুরু হয়েছে বিভীষিকাময় এক হার দিয়ে। ডালাসে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের কাছে হেরে বসেছে বাবর আজমের দল। লজ্জাজনক সেই হারের রেশ কাটতে না কাটতেই আজ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সামনে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে উপমহাদেশের দুই পরাশক্তি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। 

নিউইয়র্কে ৫ জুন আয়ারল্যান্ডকে ৯৬ রানে অলআউট করে ৮ উইকেটের জয় তুলে নেয় ভারত। পরদিন ডালাসে অঘটনের শিকার হয় পাকিস্তান। আজকের হাইভোল্টেজ ম্যাচের আগে দুই দল মনস্তাত্ত্বিক দিক থেকে রয়েছে বিপরীত মেরুতে। এক দল ফুরফুরে মেজাজে, অন্য দলটির পিঠ ঠেকে গেছে দেয়ালে। হারলেই বিদায়ের শঙ্কা তৈরি হবে—এমন সমীকরণ সামনে রেখে আজ ভারতের মুখোমুখি হবে বাবর আজমের দল।

পাকিস্তানের এ দুশ্চিন্তা আরো বাড়াচ্ছে নিউইয়র্কের ‘ড্রপ-ইন’ পিচ। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে আনা এই পিচ বড় অদ্ভুত আচরণ করছে। এ মাঠে আগে ব্যাট করা দল পড়ে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করতে নেমে মাত্র ৭৭ রানে অলআউট হয়ে যায় শ্রীলংকা। পরে এ রান তাড়া করতে নেমে প্রোটিয়ারাও ৪ উইকেট হারায়। একই মাঠে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৯৬ রানে অলআউট আয়ারল্যান্ড। এ রান তাড়া করতে নেমে রোহিত শর্মার ফিফটিতে ভর করে ৮ উইকেটের জয় পায় ভারত। 

আজ বাঁচা-মরার ম্যাচে মাঠে নামার আগে বাবর আজমের মনে নিশ্চিতভাবেই টস নিয়ে বেশি ভয় কাজ করবে। কেননা নিউইয়র্কে টস হারা মানেই ম্যাচেও শুরুতেই হেরে যাওয়া। অনেকটাই ব্যাকফুটে থাকা পাকিস্তান কি আজ ফিরতে পারবে? বাবররা কি চ্যালেঞ্জ জানাতে পারবেন রোহিত শর্মার ইন-ফর্ম দলকে?