শেষ মুহূর্তের রুদ্ধশ্বাস নাটকীয়তা চলছে ইংলিশ প্রিমিয়ার লিগে। শিরোপাযুদ্ধে অবতীর্ণ ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মধ্যে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রাণান্ত চেষ্টা অবিরত। মঙ্গলবার রাতে অল রেডরা পেছন থেকে উঠে এসে ২-১ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। এতে এক ম্যাচ বেশি খেলে সিটির সমান পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ইয়ুর্গেন ক্লোপের দল। আজ রাতে উলভারহ্যাম্পটনের মাঠে জয় তুলে এগিয়ে যাওয়ার সুযোগ ম্যানসিটির সামনে। সিটিজেনরা জিতলে ফের এগিয়ে যাবে তিন পয়েন্টে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা ১৫ মিনিটে।

 

এ মুহূর্তে ৩৫ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে পেপ গার্দিওলার সিটি। ৩৬ ম্যাচে লিভারপুলের ঝুলিতেও ৮৬ পয়েন্ট। শুধু গোল ব্যবধানে পিছিয়ে থাকায় টেবিলের দুইয়ে রয়েছে লিভারপুল। গোল ব্যবধানে সামান্য এগিয়ে ম্যানসিটি (+৩)।

 

মঙ্গলবার ভিলার মাঠে তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ে লিভারপুল। গোল করেন ব্রাজিলিয়ান খেলোয়াড় ডগলাস লুইজ। যদিও চাপে ভেঙে না পড়ে দ্রুতই জবাব দেয় লিভারপুল। ষষ্ঠ মিনিটে গোল করেন জোয়েল মাতিপ। ৬৫ মিনিটে সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানের গোল স্বস্তি ফেরায় লিভারপুল শিবিরে। লুইস দিয়াসের ক্রসে দুর্দান্ত এক বাঁকানো হেডে গোল করেন মানে।

 

আজ চেলসি খেলবে লিডস ইউনাইটেডের মাঠে, লেস্টার সিটি ঘরের মাঠে খেলবে নরউইচের বিপক্ষে ও এভারটনকে আতিথ্য দেবে এরই মধ্যে অবনমিত হয়ে যাওয়া ওয়াটফোর্ড।