অস্ট্রেলিয়ান তারকা এমা ম্যাককিওন সফলতম কমনওয়েলথ অ্যাথলিটের রেকর্ডটা
আরো সংহত করলেন। বার্মিংহামে সোমবার রাতে তিনি জিতে নেন ১২তম স্বর্ণপদক। এদিন
মেয়েদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে তিনি শ্রেষ্ঠত্ব দেখান।
স্বর্ণ জয়ের পথে ২৫.৯০ সেকেন্ড সময় নেন ম্যাককিওন। এছাড়া দক্ষিণ
আফ্রিকান এরিন গ্যালাঘার ২৬.০৫ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য আর অস্ট্রেলিয়ার হলি
ব্যারাট ২৬.০৫ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।
বার্মিংহামে সোমবার রাতে দু দুটি ব্রোঞ্জ পদক জিতে নেয়ার মধ্য দিয়ে
সবচেয়ে সফল স্কটিশ অ্যাথলিট হিসেবে নিজের নাম লেখালেন ডানকান স্কট। কমনওয়েলথ গেমসে
তার মোট পদকসংখ্যা এখন ১১। এতদিন ১০টি পদক নিয়ে সফলতম স্কটিশ অ্যাথলিট ছিলেন শুটার
অ্যালিস্টার অ্যালান,
যিনি ১৯৭৪ থেকে
১৯৯৪ পর্যন্ত কমনওয়েলথ গেমসে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এদিন ১০০ মিটার ফ্রিস্টাইল ও ২০০ মিটার রিলেতে ব্রোঞ্জ জয় করেন ডানকান
স্কট। ১০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতে নেন অস্ট্রেলিয়ার কাইল চ্যালমার্স, রৌপ্য পান টম ডিন আর ব্রোঞ্জ জিতে নেন
ডানকান স্কট। এরপর সতীর্থদের নিয়ে ২০০ মিটার রিলেতে দেশকে ব্রোঞ্জ পদক এনে দেন
তিনি। রিলেতে অস্ট্রেলিয়া স্বর্ণ ও ইংল্যান্ড রৌপ্য জিতেছে।
টোকিও অলিম্পিকে ডিনের পেছনে থেকে রৌপ্য জয় করা ডানকান স্কট গত শনিবার
২০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতে নেন। যদিও বার্মিংহামে ১০০ মিটারে চ্যালমার্স ও
ডিনের সঙ্গে টক্কর দিতে পারেননি তিনি।
সাইক্লিংয়ে মেয়েদের স্ক্র্যাচ ইভেন্টে স্বর্ণ জয় করেন ইংল্যান্ডের লরা
কেনি। ২০১২ সালে লন্ডন অলিম্পিক দিয়ে পাদপ্রদীপের আলোয় আসা লরা কেনি বার্মিংহামে
প্রথম স্বর্ণপদক জিতলেন,
আর এটা ২০১৪
সালের পর তার প্রথম কমনওয়েলথ গেমস পদক।
বার্মিংহাম কমনওয়েলথ গেমসে আজ পঞ্চমদিন ৩৭টি স্বর্ণপদকের নিষ্পত্তি
হবে। ক্রিকেটে আজ গ্রুপ পর্বের লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।









