সিনিয়র দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল নেই। মাহমুদউল্লাহ রিয়াদ বিদায় জানিয়েছেন টেস্ট ক্রিকেটকে। ঘরের মাঠে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজ হার। এ পরিস্থিতিতে কঠিন সময়ে নিউজিল্যান্ড সফরে যায় মুমিনুল হকের দল। কিন্তু ক্রিকেটারদের আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ে ধরা দিয়েছে সাফল্য। টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে তাদের মাঠে পরাজিত করেছে টাইগাররা। আট উইকেটে পাওয়া এই জয়ে ইতিহাস রচনা করেছে টাইগাররা। এমন কঠিন সময়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জয়ে বড় অবদান রেখেছেন মুমিনুল। এজন্য আলাদা করে মুমিনুলকে টুপি খোলা সম্মান জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এছাড়াও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানসহ অনেক সাবেক-বর্তমান ক্রিকেটাররা মুমিনুলদের অভিনন্দন জানিয়েছেন।
নিজের ফেসবুক পেজে তামিম লিখেছেন, অসাধারণ জয়, ঐতিহাসিক জয়। গোটা দলকে অভিনন্দন। বছরের পর বছর বছর, সফরের পর সফর আমরা নিউজিল্যান্ড থেকে খালি হাতে ফিরেছি। এবার অনেক কারণেই পরিস্থিতি ছিল আরও কঠিন। কিন্তু সব বাধা দূর করে দারুণ এক জয় এনে দিল এই দল। নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে হারানো এখন ক্রিকেট বিশ্বের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। আমরা দেখালাম, আমরা পারি!
ওয়ানডে অধিনায়ক লিখেছেন, সবচেয়ে ভালো লাগার বিষয়, সম্পূর্ণ দলীয় প্রচেষ্টার জয় এটি। দারুণ স্পিরিটেড ক্রিকেট খেলেছে দল। ইবাদতের অসাধারণ বোলিংয়ে কোনো প্রশংসাই যথেষ্ট নয়। জয় থেকে শান্ত, লিটন থেকে মিরাজ, ইয়াসির, শান্ত, এমনকি বদলি নেমে দুর্দান্ত শেষ ক্যাচটি নেয়া তাইজুল এবং দলের প্রতিটি সদস্য, সবার সম্মিলিত অবদানের জয় এটি।
এই ওপেনার আরো বলেন, আমি তবু আলাদা করে বলব একজনের কথা। যখন চরম দুঃসময় এসেছে, কেউ যখন দলের ওপর বিশ্বাস রাখেনি, দলের ভেতরেও অনেকের যখন সংশয় জেগেছে নিজেদের নিয়ে, তখনো বিশ্বাস হারাননি একজন। সে সবসময় বিশ্বাস করে গেছে এবং প্রবল বিশ্বাস নিয়েই দলকে বিশ্বাস জোগানোর চেষ্টা করেছে, আমরা পারি, আমরা অবশ্যই পারি। বাজে দিন এসেছে, খারাপ পারফরম্যান্স হয়েছে। তার পরও সে কখনো দলের ওপর বিশ্বাস হারায়নি। টেস্ট ক্রিকেটের প্রতি তার আবেগ তীব্র, টেস্ট ক্রিকেটকে সে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় সব সময়। মুমিনুল হক, আমাদের অধিনায়ককে টুপি খোলা অভিনন্দন!
মাশরাফি বিন মুর্তজা নিজের ফেসবুক পেজে লিখেছেন, অবিশ্বাস্য জয়, নতুন ইতিহাস, নতুন সপ্ন।
অভিনন্দন পুরো দলকে, অভিনন্দন মুমিনুল। স্পেশাল অভিনন্দন ইবাদত। টেস্ট ক্রিকেট জিতলে জীবন আরো সুন্দর হয়।
সাকিব টুইটারে লিখেছেন, আমাদের ফাস্ট বোলাররা অনবদ্য পারফরম্যান্স করেছে। পাশাপাশি সব ব্যাটসম্যান সমানভাবে ভালো খেলেছে। দিনটি উপভোগ কর। তোমরা সব কৃতিত্বের প্রাপ্য।
নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট জয়ের অবিস্মরণীয় গৌরব অর্জন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ দলের এ জয়ে খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল । ২১ ওভারে ৬ মেডেনে ৪৬ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে ইতিহাস গড়া কীর্তির নায়ক পেসার এবাদত হোসেন চৌধুরীকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সোনার ছেলেরা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের অনন্য ইতিহাস সৃষ্টি করেছে। এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক। তিনি আরো বলেন, নতুন বছরের শুরুতে বিশ্বের এক নম্বর টেস্ট দল নিউজিল্যান্ডকে তাদের দেশের মাটিতেই পরাজিত করা সত্যিই অভাবনীয়।










