হাঁটুর চোটে এশিয়া কাপের পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন শাহিন শাহ আফ্রিদি। তার বদলি হিসাবে মোহাম্মদ হাসনাইনকে দলে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ সোমবার হাসনাইনকে ১৫ জনের স্কোয়াডে অন্তর্ভুক্তির কথা জানায় পিসিবি।

পাকিস্তানের হয়ে সবশেষ ২০২১ সালের ডিসেম্বরে খেলেছেন ২২ বছর বয়সী এই পেসার। অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে ফেব্রুয়ারির শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হন হাসনাইন। গত জুনে অ্যাকশন শুধরে আবারো বোলিংয়ের ছাড়পত্র পান তিনি। বর্তমানে দ্য হানড্রেড টুর্নামেন্টে ওভাল ইনভিন্সিবলসের হয়ে খেলছেন হাসনাইন। শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

চোটাক্রান্ত আফ্রিদিকে রেখেই দল ঘোষণা করেছিল পাকিস্তান। শেষ সময় পর্যন্ত অপেক্ষায় ছিল পিসিবি। কিন্তু চিকিৎসকরা দেননি সবুজ সংকেত। বরং ২২ বছর বয়সী বাঁহাতি এই ফাস্ট বোলারকে ৪ থেকে ৬ সপ্তাহের বিশ্রাম দিয়েছে মেডিকেল টিম। গত মাসে শ্রীলংকা সফরে সিরিজের প্রথম টেস্টে ফিল্ডিংয়ের সময় চোট পান তিনি।

আগামী ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। পর দিন নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।