লর্ডস টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারের লজ্জা দিল দক্ষিণ আফ্রিকা। আড়াই দিনেরও কম সময়ে ম্যাচটি জিতে নেয়ার কৃতিত্ব দেখায় প্রোটিয়ারা। প্রথম ইনিংসে ১৬৫ রানে গুটিয়ে যাওয়া ইংলিশরা দ্বিতীয় ইনিংসে শেষ ১৪৯ রানে। তাতেই ইনিংস ও ১২ রানের জয় নিশ্চিত হয় সফরকারীদের।

 

কাগিসো রাবাদার আগুনে বোলিংয়ে প্রথম ইনিংসে ১৬৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। রাবাদা একই নেন পাঁচটি উইকেট। এছাড়া এনরিখ নরকিয়া তিনটি ও মার্কো ইয়ানসেন দুটি করে উইকেট নেন। এরপর দলগত প্রচেষ্টায় ৩২৬ রান তুলতে সমর্থ হয় প্রোটিয়ারা। ৭ উইকেটে ২৮৯ রান নিয়ে আজ তৃতীয় দিন মাঠে নামা ডিন এলগার বাহিনী বোর্ডে আর ৩৭ রান যোগ করতে সমর্থ হয়।

 

১৬১ রানের লিড পাওয়া দক্ষিণ আফ্রিকাকে আর ব্যাটিংয়ে নামতে দেননি বোলাররা। স্পিনার কেশব মহারাজা ডেডলক ভাঙেন। দলীয় ২০ রানে জ্যাক ক্রলে ও ৩৮ রানে ওলি পোপকে সাজঘরে ফেরান তিনি। এরপর প্রোটিয়া পেসাররা ধসিয়ে দেন ইংলিশ ব্যাটিং লাইনআপ। নরকিয়া তিনটি এবং কেশব, রাবাদা ও ইয়ানসেন দুটি করে উইকেট নেন। ৭৭ রানে ৭ উইকেট শিকার করে ম্যাচসেরা রাবাদা।