আগামীকাল পরবর্তী মেয়াদে আট বছরের জন্য মিডিয়াস্বত্ব বিক্রির দরপত্র প্রকাশ করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কয়েকদিন আগে শেষ হওয়া আইপিএলের মতোই সম্প্রচারস্বত্ব বিক্রির পথে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সম্প্রতি অনুষ্ঠিত নিলামে ৬.২ বিলিয়ন ডলারে বিক্রি হয়েছে আইপিএলের মিডিয়াস্বত্ব।
তিনটি প্যাকেজে ভাগ করা হয়েছে আইসিসির গোটা মিডিয়াস্বত্ব নিলামকে। প্যাকেজ ‘এ’তে রয়েছে টেলিভিশনের সম্প্রচারস্বত্ব, প্যাকেজ ‘বি’তে রয়েছে ডিজিটাল লাইভ স্ট্রিমিং এবং প্যাকেজ ‘সি’-তে থাকবে টেলিভিশন ও ডিজিটাল স্ট্রিমিং যৌথ।
এবার সবার আগে ভারতের বাজারে দরপত্র আহ্বান করবে আইসিসি। আইসিসির বৈশ্বিক রাজস্বের ৭০ শতাংশই আসে ভারতের বাজার থেকে। তাই এবার ভারতের জন্য আলাদা দরপত্র আহ্বান করা হচ্ছে।
এবারের দরপত্রের বৈশিষ্ট্য হচ্ছে পুরুষ ও মহিলা আসরের জন্য আলাদা আলাদা দরপত্র এবং আলাদা আলাদা প্যাকেজে কিনতে হবে মিডিয়াস্বত্ব। ২০২৪ সাল থেকে শুরু হবে এ মিডিয়াস্বত্ব। মোট ৭১১টি ম্যাচের জন্য হাঁকানো হবে এ দরপত্র। প্যাকেজের মধ্যে থাকবে একাধিক মহিলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও। পুরুষ বিভাগে রয়েছে আবার দুটি সময়সীমা—চার ও আট বছর। দরপত্র হাঁকাতে হবে কমপক্ষে চার বছরের জন্য। মহিলা বিভাগের ক্ষেত্রেও রয়েছে একই নিয়ম। আট বছরে ১৬টি পুরুষ বিভাগের ইভেন্ট এবং চার বছরে ছয়টি মহিলা বিভাগের ইভেন্টে রয়েছে যথাক্রমে ৩৬২ ও ১০৩টি ম্যাচ। এছাড়া, অনূর্ধ্ব-১৯ পর্যায়ে (পুরুষ ও মহিলা) রয়েছে ৪৬৫ ম্যাচ।
আইসিসির সিইও জিওফ অ্যালার্ডিস বলেন, আন্তর্জাতিক ক্রিকেট ধারাবাহিকভাবে শ্রোতাদের আকর্ষণ করে। আইসিসির ইভেন্টগুলোর জন্য সম্প্র্রচারকারীদের আগ্রহের কারণ আছে। নারীদের খেলার প্রসারে তা ভূমিকা রাখবে। ক্রিকইনফো










