সপ্তাহখানেক পর শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপের আগে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে বিশেষ বার্তা পেয়েছে টিম ডেনমার্ক। দেশটির ফুটবল টিমকে প্রশিক্ষণ সেশনে মানবাধিকারের বার্তা লেখা জার্সি পরতে নিষেধ করা হয়েছে। খবর সিএনএন।

গত বৃহস্পতিবার স্থানীয় ডিআর স্পোর্টেনের সঙ্গে সাক্ষাত্কারে এই নিষেধাজ্ঞার খবর প্রকাশ করেন ডেনিশ ফুটবল ফেডারেশনের (ডিবিইউ) সিইও জ্যাকব জেনসেন।

প্রশিক্ষণ জার্সিতে ‘সবার জন্য মানবাধিকার’ এ বার্তা দেয়ার পরিকল্পনা করেছিল ডেনমার্ক। জেনসেন বলেন, আজ আমরা ফিফার কাছে থেকে একটি বার্তা পেয়েছি। কারিগরি কারণে আমাদের পরিকল্পনাটি প্রত্যাখ্যান করা হয়েছে।

তিনি বলেন, আমরা মনে করি ‘সবার জন্য মানবাধিকার’ বার্তাটি সর্বজনীন। এটি কোনো রাজনৈতিক আহ্বান নয়, এমন কিছু যা সবাই সমর্থন করতে পারে।

তবে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) আইন মেনে চলা ফিফা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

আইএফএবির হ্যান্ডবুকের বলা আছে, খেলার সরঞ্জামে কোনো রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত স্লোগান, বিবৃতি বা ছবি থাকা উচিত নয়।

বিশ্বকাপ ফুটবল আয়োজক হিসেবে এক দশকেরও বেশি আগে নির্বাচিত হয় কাতার। মানবাধিকার পরিস্থিতি ও অভিবাসী শ্রমিকদের প্রতি বৈষম্যমূলক আচরণের কারণে উপসাগরীয় দেশটি প্রায়শ কঠোর সমালোচনার মুখে পড়ে।

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরটি শুরু হবে আগামী ২০ নভেম্বর, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।