কাতারের লুসাইলে ফিফা ফ্যান ভিলেজের কাছে আগুন লেগেছে। এ স্থানটিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে আসা ফুটবলপ্রেমীরা থাকছেন। স্থানীয় সময় শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। উল্লেখ্য, লুসাইল শহরের স্টেডিয়ামে বিশ্বকাপের বেশ কয়েকটি খেলা অনুষ্ঠিত হবে। আগুনের ঘটনা এমন সময় ঘটল যখন আর কয়েকঘণ্টা পরেই এ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও মেক্সিকোর ম্যাচ নির্ধারিত রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, দোহার উত্তরাঞ্চলের লুসাইল শহরের একাংশের আকাশে ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন। অনেক ধূর থেকেও এ ধোঁয়া দেখা গিয়েছে।  কোয়েটাইফান ফ্যান ভিলেজের কাছে একটি নির্মাণাধীন ভবন থেকে এ আগুনের সূত্রপাত। 

দেশটির ইন্টেরিয়র মন্ত্রণালয় জানিয়েছে, ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।