ডালাসে
আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। ম্যাচটি
শুরুর কথা ছিল বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে। যদিও বৈরি আবহাওয়ায় ম্যাচটি বাতিল করা
হয়েছে। আজ রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যাচটি বাতিলের
কথা জানানো হয়।
বিসিবির
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এ অঞ্চলে প্রতিকূল আবহাওয়ার কারণে অবকাঠামো ক্ষতিগ্রস্ত
হওয়ায় ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচটি
বাতিল করা হয়েছে।’
ডালাসসহ
উত্তর ও মধ্য টেক্সাসের ২১টি কাউন্টিতে আজ বজ্রপাতসহ ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।
সকাল ৯টা থেকে কিছু জায়গায় হঠাৎ বন্যার সতর্কতাও দেয়া হয়েছে।
১
জুন দ্বিতীয় ও শেষ ওয়ার্মআপ ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। নিউইয়র্কে ম্যাচটি
শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে। বাংলাদেশ ও ভারতের ম্যাচ দিয়েই শেষ হবে বিশ্বকাপের
ওয়ার্মআপ পর্ব। পরদিন সকালে শুরু হবে মূল পর্বের উত্তাপ।
নবম
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ২০টি দল। ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা,
বাংলাদেশ, নেদারল্যান্ডস ও নামিবিয়া প্রতিদ্বন্দ্বিতা করবে।
এর
আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ, যাতে স্বাগতিকদের
কাছে তারা হেরেছে ১-২-এ।










