শুভাগত হোমের দুর্দান্ত শতকে প্রথম ইনিংসে মধ্যাঞ্চলকে লিড এনে দেয়ার পথে রাখলেন অবদান। আর দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে কঠিন চাপের মধ্যে অসাধারণ সেঞ্চুরিতে নিশ্চিত করলেন দলের জয়। শুভাগতর দুই শতকে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল।
আজ (বৃহস্পতিবার) ফাইনালের শেষ দিনে উত্তেজনাকর লড়াইয়ে বিসিবি দক্ষিণাঞ্চলকে চার উইকেটে পরাজিত করেছে মধ্যাঞ্চল। দক্ষিণাঞ্চলের দেয়া ২১৮ রানের লক্ষ্যে ছয় উইকেট হারিয়ে পৌঁছে যায় মধ্যাঞ্চল। হার না মানা অনবদ্য ১১৪ রানের ইনিংস খেলে শিরোপা নিশ্চিত করেন শুভাগত। তার সাথে জাকের আলী অপরাজিত ছিলেন ৪১ রানে। মধ্যাঞ্চলের এটি তৃতীয় বিসিএল শিরোপা।
আগের দিন (তৃতীয় দিন) দ্বিতীয় ইনিংসে দক্ষিণাঞ্চল ২৬৮ রানে অলআউট হয়। এতে দক্ষিণাঞ্চলের লিড দাঁড়ায় ২১৭ রানে। ২১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ বিকেলে ২৬ রানে তিন উইকেট হারিয়ে বসে মধ্যাঞ্চল। আজ শেষ দিন শুরু করেন সৌম্য সরকার ও সালমান হোসেন। কিন্তু আগের দিনের ৮ রান নিয়ে দিন শুরু করা সৌম্য কোনো রান যোগ না করতেই ফিরে যান প্যাভিলিয়নে। এরপর তাইবুর রহমান (৩) ও সালমান (৩৭) আউট হলে ৬৮ রানে ছয় উইকেট হারায় মধ্যাঞ্চল।
ম্যাচের এ পর্যায়ে পরাজয়ই যেন চোখ রাঙাচ্ছিল। কিন্তু দুর্দান্ত ব্যাটিংয়ে শুভাগত লিখলেন ঘুরে দাঁড়ানোর গল্প। সত্যিকারের অধিনায়কের মতো সামনে থেকে দিলেন নেতৃত্ব। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দেখালেন তার সামর্থ্য। সঙ্গে পেয়েছিলেন উইকেটকিপার ব্যাটার জাকের আলীকে। এই দুজনের দৃঢ়তায় আর উইকেটই হারায়নি। তাদের অবিচ্ছিন্ন ১৫৩ রানের জুটিতে শিরোপা উৎসবে মাতে মধ্যাঞ্চল।
এর মধ্যে ওয়ানডে মেজাজে ব্যাট করে শুভাগত এই ম্যাচে পেয়ে যান দ্বিতীয় সেঞ্চুরি। ১২১ বলে ১৩ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেন অপরাজিত ১১৪ রানের ইনিংস। দারুণ ভূমিকা রেখে অন্যপ্রান্ত আগলে রাখা জাকের ১২৪ বলে ৫ বাউন্ডারিতে অপরাজিত ছিলেন ৪১ রানে।
প্রথম ইনিংসে ১১৬, দ্বিতীয় ইনিংসে ম্যাচজেতানো ১১৪ রান করে ফাইনালে ম্যাচসেরার পুরস্কার জেতেন শুভাগত। সিরিজ সেরা হয়েছেন মোহাম্মদ মিঠুন।
সংক্ষিপ্ত স্কোর:
বিসিবি দক্ষিণাঞ্চল: প্রথম ইনিংসে ১১১.৩ ওভারে ৩৮৭ (জাকির হাসান ১০৭, এনামুল হক ৭৬, ফরহাদ রেজা ৭১, পিনাক ঘোষ ৬৫; হাসান মুরাদ ৫/১০১, শুভাগত ৩/৫১) ও দ্বিতীয় ইনিংসে ৭৫.৫ ওভারে ২৬৮ (রিশাদ হোসেন ৯৯, অমিত হাসান ৪১, নাসুম আহমেদ ৪১, পিনাক ঘোষ ২৭; আবু হায়দার ৫/৭৮)।
ওয়ালটন মধ্যাঞ্চল: প্রথম ইনিংসে ১২৭.৪ ওভারে ৪৩৮ (মোহাম্মদ মিঠুন ২০৬, শুভাগত হোম ১১৬, জাকের আলী ৫৩, রবিউল হক ৩৪; ফরহাদ রেজা ৪/৫৩, কামরুল ইসলাম ৪/৭০) ও দ্বিতীয় ইনিংসে (লক্ষ্য ২১৮) ৬৩.৫ ওভারে ২২১/৬ (শুভাগত হোম ১১৪, জাকের আলী ৪১, সালমান হোসেন ৩৭; নাসুম আহমেদ ২/৪৩, মেহেদী হাসান রানা ২/৫০)।
ফল: ওয়ালটন মধ্যাঞ্চল ৪ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: শুভাগত হোম (মধ্যাঞ্চল)।
টুর্নামেন্টসেরা: মোহাম্মদ মিঠুন (মধ্যাঞ্চল)।










