ইতালিকে দ্য ফিনালিসিমা ম্যাচে ৩-০ গোলে হারানো আর্জেন্টিনা এবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে ৫-০ গোলের বিশাল জয় তুলে নিল। এ ম্যাচে একাই ৫ গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
আজ স্পেনের পাম্পলোনার স্তাদিও এল সদর স্টেডিয়ামে ম্যাচের অষ্টম মিনিটে মেসির পেনাল্টি গোলে লিড নেয় আর্জেন্টিনা। এরপর ৪৫ ও ৪৭ মিনিটে পরপর দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এরপর ম্যাচের ৭১ ও ৭৬ মিনিটে করেন আরো দুই গোল। এস্তোনিয়াকে একাই বিধ্বস্ত করেন প্যারিস সেন্ট জার্মেই তারকা।
শীর্ষ ফুটবলে এক ম্যাচে ৫ গোলের কীর্তি এই প্রথম নয় মেসির। ২০১২ সালে উয়েফা চ্যাম্পিয়ন লিগে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে তিনি ৫ গোল করেছিলেন, আর বার্সা জিতেছিল ৭-১ গোলে। আর আআন্তর্জাতিক ফুটবলে এক ম্যাচে ৮ গোল করারও কীর্তি আছে। আমেরিকান সামোয়ার বিপক্ষে ২০০২ সালের বিশ্বকাপ বাছাই ম্যাচে ৮ গোল করেছিলেন অস্ট্রেলিয়ার এনরিখ থম্পসন, তার দল জিতেছিল ১৬-০ গোলে।
বিশাল এই জয় দিয়ে আসন্ন কাতার বিশ্বকাপে প্রতিপক্ষদের বিশেষ বার্তাই কি দিয়ে রাখল মেসির আর্জেন্টিনা?
আগামী ১১ জুন অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। হয়তো ব্রাজিলকেই বার্তাটা দিয়ে রাখল আলবিসেলেস্তেরা। ব্রাজিল আজ খেলবে জাপানের বিপক্ষে । আগের ম্যাচে তারা দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে হারায়।
এদিকে মেসির হ্যাটট্রিকের রাতে উড়লেন ক্লাব ফুটবলে তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোও। আজ উয়েফা নেশনস লিগে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোল করেন পর্তুগিজ সুপারস্টার। চার মিনিটের ব্যবধানে (৩৫ ও ৩৯ মিনিট) দুই গোল করেন ম্যানইউ ফরোয়ার্ড। প্রথমার্ধে পর্তুগাল এগিয়ে ছিল ৩-০ গোলে।










