কদিন আগে আইসিসি রিভিউ অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটার দিনেশ কার্তিক বলেছিলেন, ক্রিকেটের তিন সংস্করণেই এক নম্বর ব্যাটার হবেন বাবর আজম। এবার আইসিসি রিভিউ অনুষ্ঠানে তারই প্রতিক্রিয়ায় বাবর জানালেন, তারও স্বপ্ন তিন সংস্করণে এক নম্বর হওয়া।

 

এই মুহূর্তে আইসিসি র্যাংকিংয়ে ওয়ানডে ও টি২০ ফরম্যাটে শীর্ষ ব্যাটার বাবর। টেস্টে আছেন পাঁচ নম্বরে। দীর্ঘ সংস্করণে এক নম্বর জায়গাটি এখনো অনেক দূরে। কারণ তার সামনে মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন ও জো রুটের মতো ব্যাটাররা। তাদের পাড়ি দেয়া কঠিন চ্যালেঞ্জই হতে পারে বাবরের জন্য।

 

আগামী ৮ জুন শুরু হচ্ছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দেশের মাটিতে ওয়ানডে সিরিজের নামার আগে দ্য আইসিসি রিভিউতে বাবর বলেছেন, একজন খেলোয়াড় হিসেবে সব সংস্করণে এক নম্বর হওয়া একটা স্বপ্ন। এজন্য আপনাকে মনোযোগ দিতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। এটা এমন নয় যে আপনি এক বা দুই সংস্করণের শীর্ষ খেলোয়াড়, সবকিছু আপনার জন্য সহজ হয়ে যাবে।

 

পাকিস্তানের অধিনায়ক আরো বলেছেন, তিন সংস্করণে এক নম্বর হতে হলে আপনাকে ফিট থাকতে হবে। এখন টানা ক্রিকেট হয়, বিরতি খুব কম। এজন্য আপনাকে বাড়তি ফিট থাকতে হবে। এটা এমন কিছু যার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। সাদা বলে ভালোই হচ্ছে এবং আশা করি টেস্টেও আমি ভালো কিছু করতে পারব।