ওয়েস্ট ইন্ডিজে সদ্য সমাপ্ত টি২০ সিরিজে ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
ওই সিরিজে মাহমুদউল্লাহর নেতৃত্ব নিয়ে সমালোচনা হয়, আর তিনি নিজেও পারফর্ম করতে ব্যর্থ
হন। ওই সিরিজ শেষে তার নেতৃত্বে থাকা নিয়ে প্রশ্ন ওঠে। দাবি ওঠে, নতুন কাউকে
দায়িত্ব দেয়ার। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এ হিয়ে হুট
করে সিদ্ধান্ত নিতে চান না। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরে এলে মাহমুদউল্লাহর
সঙ্গে কথা বলেই তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানালেন।
আজ রোববার বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে পাপন বলেন, টি২০তে হুট করে
কিছু পরিবর্তন করে যে খুব ভালো ফল পাওয়া যাবে, সেটা মনে হয় না। এখানেও লং টার্মে
ভাবতে হবে। অধিনায়কত্ব নিয়ে আজ বলা কঠিন। সিদ্ধান্ত নিতে এক মাস চলে যাবে। অধিনায়ক
আসবে,
তার সঙ্গে বসতে
হবে।
বিসিবি সভাপতি আরো বলেন, মাহমুদউল্লাহকে নিয়ে এত কথা, ওর নামটা আসছে, কারণ সে রান
পাচ্ছে না। সে দেশে এলে কথা বলব। আমি মনে করি, সে রান পেলে সব ঠিক হয়ে যাবে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী তিন আসরের দিনক্ষণ চূড়ান্ত করে
ফেলেছে বিসিবি। পাপন এ নিয়ে জানালেন, আগামী তিন বিপিএলের তারিখ আমরা চূড়ান্ত করেছি।
এটা নিয়ে বারবার যাতে সমস্যা না হয়। এবার আমরা বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দেব তিন
বছরের জন্য। যেহেতু তিন বছরের জন্য দল দেব, তাই তারিখও তিন বছরের ঠিক করা হয়েছে, যাতে দলগুলো
আগে থেকেই প্রস্তুতি সব নিতে পারে।
তিনি আরো বলেন, আগামী বছরের বিপিএল হবে ৫ জানুয়ারি থেকে ১৬
ফেব্রুয়ারি,
২০২৪ সালে হবে
৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি এবং ২০২৫ সালের আসর হবে ১ জানুয়ারি থেকে ১১
ফেব্রুয়ারি।
বিসিবি সভাপতি জানালেন, ৭ দলের আসর ধরে নিয়ে প্রতি আসরের তারিখ ঠিক করা
হয়েছে। সপ্তাহখানেকের মধ্যেই ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে।










