ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল বৈরী বহুদিনের। খেলাটার জন্মের পর থেকেই এ দুই দলের সমর্থকরা কেউ কাউকে কোনো ছাড় দেয়ার পক্ষে নয়। এক দল আরেক দলকে খাটো করতে চেষ্টার ত্রুটি নেই। এক দলের হারে আরেক দলের সমর্থকরা বুনো উল্লাসও করতে দেখা যায়। এবার সেই সম্পর্কে পানি ঢেলে দিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। 

পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিল প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি। আর্জেন্টিনা কোচ জানান, যদি কোনো কারণে আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে ছিটকে যায় তাহলে ব্রাজিল যেন বিশ্বকাপ নিতে পারে।

স্কালোনি বলেন, বিশ্বকাপের মত বড় জায়গায় আমরা যেই ম্যাচই খেলি না কেন সেটা গুরুত্বপূর্ণ। এটাই আমাদের দর্শন। আর ব্রাজিলের জন্য বলতে গেলে অবশ্যই এখন দক্ষিণ আমেরিকান হিসেবে আমি তাদের খেলা দেখে খুব খুশি।

আমি প্রথমে দক্ষিণ আমেরিকার ফুটবলের ভক্ত। আমার অনেক বন্ধু আছে ব্রাজিলে এবং আর্জেন্টিনা যদি বিশ্বকাপের কোন পর্যায়ে বাদ পড়ে যায় তাহলে আমি চাইবো দক্ষিণ আমেরিকার যেকোনো দল যেন বিশ্বকাপ জয় লাভ করে। তারা অসাধারণ কাজ করছে। তারা এরইমধ্যে দুই ম্যাচ জিতেছে। তাদের জন্য শুভকামনা।

চিরপ্রতিদ্বন্দ্বীদের কোচের কাছ থেকে এমন প্রশংসাসূচক বাণী পেয়ে নিশ্চয়ই আরো ফুরফুরে মেজাজে ক্যামেরুনের বিরুদ্ধে খেলতে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।