বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম টি২০ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হযেছে। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাতে ডমিনিকায় বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে নির্দিষ্ট সময়ে টস হয়নি। খেলা শুরু হওয়ার কথা ছিল রাত সাড়ে ১১টায়। কিন্ত বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের পৌনে দুই ঘণ্টা পর টস হয়েছে। ফলে ম্যাচের দৈর্ঘ্যও চার ওভার কমিয়ে ১৬ ওভারে নিয়ে নিয়ে আসা হয়। উইন্ডসর পার্কে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ক্যারিবিয়ান অধিনায়ক নিকোলাস পুরান।

 

কিন্তু খেলা চলাকালীন বৃষ্টির বাধায় পরে আরো দুই ওভার কমে। ১৪ ওভার সামনে রেখেই ব্যাট করে যাচ্ছিল বাংলাদেশ। ১৩তম ওভার শেষে আবারো বৃষ্টি নামলে, আর মাঠেই ফেরা হয়নি খেলোয়াড়দের। কিন্তু মাঠ ছাড়ার আগে বাংলাদেশের ব্যাটাররা হতশ্রী ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছে। ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে ১৩ ওভারে আট উইকেটে করতে পারে ১০৫ রান।

 

সর্বোচ্চ ১৫ বলে ২৯ রান করেন সাকিব আল হাসান। দুটি করে ছক্কা-চার ছিল তার ইনিংসে। দুইটি ছক্কা ও একটি চারে ২৫ রান আসে নুরুল হাসান সোহানের ব্যাট থেকে। এছাড়া সাত বছর পর টি২০তে খেলতে নেমে এমনামুল হক বিজয় করেছেন ১৬ রান। বিজয় এর আগে সবশেষ ২০১৫ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টি২০ ম্যাচে খেলেছিলেন। পাঁচ ব্যাটার দুই অংকের ঘরেই পৌঁছাতে পারেননি।

 

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে রোমারিও শেফার্ড তিনটি ও হ্যাইডেন ওয়ালশ দুটি উইকেট নেন।

 

আজ একই ভেন্যুতে রাত সাড়ে ১১টায় সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।