২০২১-২২ অর্থবছরে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ৯৮ মিলিয়ন ইউরো মুনাফা করেছে। ২০২২-২৩ মৌসুমে ক্লাবটির লক্ষ্য ২৭৪ মিলিয়ন ইউরো মুনাফা করা। আয় বৃদ্ধির ফলে বার্সেলোনার ব্র্যান্ড ভ্যালু বেড়ে দাঁড়িয়েছে ৫০০ কোটি ইউরোয়। ফোর্বসের তালিকা অনুযায়ী বিশ্বের দ্বিতীয় দামি ক্লাব এখন বার্সেলোনা। তাদের ওপরে আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ক্লাবটির ব্র্যান্ড ভ্যালু ৫১০ কোটি ইউরো।
ক্লাব পরিচালনা পর্ষদ জানিয়েছে, ২০২১-২২ অর্থবছরে সর্বমোট ১০১ কোটি ৭০ লাখ ইউরো আয় করেছে বার্সেলোনা।
এই মাসের শুরুর দিকে লা লিগার বেঁধে দেয়া ব্যয়ের সীমা ৮০ কোটি ইউরো ছাড়িয়ে যায় কাতালান ক্লাবটি। আয়ের সঙ্গে ব্যালেন্স করে ব্যয়ের সীমা বেঁধে দেয় লিগ কর্তৃপক্ষ। লিগের নিয়ম রক্ষার্থে বার্সেলোনা পরবর্তীতে ক্লাবের সম্পত্তি বিক্রি করে ব্যয়ের ঘাটতি থেকে বেরিয়ে আসে।
গ্রীষ্মকালীন কেনা-বেচায় একঝাঁক তারকা ফুটবলারকে দলে টানার পাশাপাশি পুরনো কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বার্সা। কিন্তু আর্থিক সংকটে থাকা কাতালানদের এ খেলোয়াড়দের নিবন্ধন করতে হিমশিম খেতে হয়েছে।
এজন্য প্রথমে তারা দুই দফায় লা লিগা টিভি স্বত্বের ২৫ শতাংশ বিক্রি করে ২৫ বছরের জন্য। ৩০ কোটি ইউরোয় পুরোটাই কিনে নেয়া মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিক্সথ স্ট্রিট। এরপর সোসিয়োস ডটকমের কাছে ১০ কোটি ইউরোয় বার্সা স্টুডিওর ২৪ দশমিক ৫ শতাংশ বিক্রি করা হয়। এতেও পুরোপুরি কাজ হয়নি বার্সার। পরে ১০ কোটি ইউরোয় স্টুডিওর আরো ২৪ দশমিক ৫ শতাংশ নিউইয়র্কের আরফাস মিডিয়ার কাছে বিক্রি করে দেয় বিশ্বের অন্যতম জনপ্রিয় দলটি।










