ইংল্যান্ড ক্রিকেট দল সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে উপভোগ্য ক্রিকেট খেলে সবার নজর কেড়েছে। যদিও বেন স্টোকসের দল এবার ভারতের বিপক্ষে এজবাস্টন টেস্টে লজ্জার এক রেকর্ডের মুখে পড়ল। গতকাল দ্বিতীয় দিন ইংলিশ পেসম্যান স্টুয়ার্ট ব্রডের এক ওভার থেকেই ৩৫ রান তুলে নেন ভারতকে নেতৃত্ব দেয়া জসপ্রিত বুমরাহ, যা কিনা টেস্ট ইতিহাসেই সবচেয়ে ব্যয়বহুল ওভার!
এর আগে এক ওভারে সর্বোচ্চ ২৮ রান খরচের রেকর্ড ছিল, যা ঘটেছিল মোট তিনবার। এবার সেই রেকর্ডটা হয়ে গেল ব্রডের।
ব্রডের ওভারটিতে মোট দুটি ছক্কা ও চারটি চার মেরেছেন বুমরাহ। একটি ‘নো’ বলে ছক্কা হয়ে যায় এবং একটি ওয়াইড বল থেকে ভারত পাঁচ রান পেলে অনাকাঙ্ক্ষিত এ রেকর্ড গড়ে বসেন ব্রড।
তার মানে, ১০ নম্বরে নামা ভারতীয় টেল-এন্ডার বুমরাহ এমন এক বোলারের বিপক্ষে রেকর্ডটি গড়লেন যিনি সদ্যই তার ক্যারিয়ারের ৫৫০তম টেস্ট উইকেট শিকার করেছেন। এমনকি বুমরাহর টেস্ট গড় ছয় এর-ও নিচে।
১৯৮৭ সালের পর প্রথম কোনো পেস বোলার হিসেবে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়ার ম্যাচেই এক ওভারে সর্বোচ্চ রান তোলার রেকর্ড গড়লেন বুমরাহ। এই রেকর্ডের মধ্যে রয়েছে আরেক রেকর্ড। এক ওভারে ব্যাট থেকে সর্বোচ্চ রান তোলার রেকর্ডও এখন তার দখলে। কাল ব্রডের ওভার থেকে তিনি ব্যাট দিয়ে তুলেছেন ২৯ রান; আগে যা যুগ্মভাবে করেছিলেন অস্ট্রেলিয়ার জর্জ বেইলি ও ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা। তার মানে, বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার ব্রায়ান লারার ব্যাটিং রেকর্ড কিনা নিজের করে নিলেন বুমরাহ!
২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার স্পিনার রবিন পিটারসনকে শাস্তি দিয়েছিলেন ২৮ রান তুলে। আর জর্জ বেইলি ২৮ রান করেছিলেন ২০১৩ সালে পার্থে ব্রডের সতীর্থ জেমস অ্যান্ডারসনের করা এক ওভার থেকে।
কাল লজ্জার এই রেকর্ড হারিয়ে টুইট করেছেন পিটারসন। তিনি লিখেছেন, আজ রেকর্ড হারিয়ে আমি বিমর্ষ! আচ্ছা বেশ, রেকর্ড তো গড়া হয় তা ভাঙার জন্যই। পরেরটার জন্য অপেক্ষা।
কাকতালীয়ভাবে কাল মাঠে থাকা ইংল্যান্ডের জো রুটও টেস্টে এক ওভারে ২৮ রান দিয়েছেন, যদিও সেই ওভারে ব্যাট থেকে আসে ২৪ রান।
এ নিয়ে বল হাতে দ্বিতীয়বার অপ্রত্যাশিত রেকর্ডের সঙ্গী হলেন ব্রড। ২০০৭ সালে ইতিহাসের প্রথম বোলার হিসেবে টি২০ ম্যাচে এক ওভারের ছয় বলেই ছক্কা হজম করেন তিনি। টি২০ বিশ্বকাপের ম্যাচে তাকে ছয় ছক্কা মেরেছিলেন ভারতের যুবরাজ সিং।
কাল বুমরাহর ব্যাটে ভর করেই চারশোর্ধ্ব (৪১৬) সংগ্রহ পেয়ে যায় ভারত। জবাবে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ইংলিশদের সংগ্রহ ছিল ৩১/২।










