অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে ৩২ ম্যাচে কোনো জয় নেই পাকিস্তানের। ওয়ানডেতে ১৬ বারের মোকাবেলায় ১৬টি হার এবং টি-টোয়েন্টিতে ১৬ বারের মোকাবেলায় ১৪টি হার ও বাকি দুটি ম্যাচ ড্র হয়। পরাক্রমশালী অজিদের গতকাল কলম্বোয় বিশ্বকাপ ম্যাচে হারানোর সুযোগ এসেছিল পাকিস্তানি মেয়েদের সামনে। যদিও এ সুযোগ তারা কাজে লাগাতে পারেনি।

পাকিস্তানিদের দুর্দান্ত বোলিংয়ের সামনে সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ৭৬ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে। এ সময় মনে হচ্ছিল ১০০ রানের আশপাশে অলআউট হয়ে যাবে অ্যালিসা হিলির দল। যদিও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া তুলেছে ৯ উইকেটে ২২১ রান! জবাব দিতে নেমে পাকিস্তান ১১৪ রানে অলআউট। ব্যাটিংয়ে ভয়াবহ বিপর্যয় এড়ানো অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত জিতল ১০৭ রানের বড় ব্যবধানে।

দারুণ এক সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার জয়ের কাণ্ডারি বেথ মুনি। ১১৪ বলে ১০৯ রানের ইনিংস খেলেন তিনি ১১ বাউন্ডারির সাহায্যে। এ পথে নবম উইকেটে অ্যালানা কিংকে নিয়ে ৯৭ বলে ১০৬ রানের জুটি গড়েন তিনি দলের সংগ্রহ ২০০ পার করান। তিন ছক্কা ও তিন চারে ৪৯ বলে ৫১ রান করেছেন কিং। আর ওয়ানডেতে বেথ মুনি করেন পঞ্চম সেঞ্চুরি।

পাকিস্তানের নাসরা সান্ধু ৩৭ রানে ৩টি, রামিন শামীম ২৯ রানে ২টি ও ফাহিমা সানা ৪৯ রানে ২টি উইকেট নেন। পাকিস্তানি বোলারদের চেষ্টা শেষ পর্যন্ত বিফলেই যায়। তাদের ব্যাটাররা শোচনীয় ব্যর্থতার পরিচয় দিয়ে ৩৬.৩ ওভারে ১১৪ রানে শেষ। কিম গার্থ ১৪ রানে তিনটি, অ্যানাবেল সাদারল্যান্ড ১৫ রানে দুটি ও মেগান শুট ২৫ রানে দুটি উইকেট নেন। এ জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠল অস্ট্রেলিয়া।

৮ দলের এ বিশ্বকাপে বৃহস্পতিবার ভারত-দক্ষিণ আফ্রিকা এবং শুক্রবার বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি হবে।