ইতালি জাতীয় দলের কিংবদন্তিতুল্য গোলকিপার জিয়ানলুইগি বুফনের ছেলে ১৭ বছর বয়সী লুইসের পেশাদার ফুটবলে অভিষেক হলো গত রোববার। তবে বাবার মতো তিনি গোলবার সামলাবেন না, তিনি গোল করবেন। কিশোর লুইস বুফন খেলেন ফরোয়ার্ড হিসেবে। সিরি-বি লিগে পিসার জার্সিতে তার অভিষেক হয়েছে।

বুফন বর্নাঢ্য ক্যারিয়ারে ক্লাব ও দেশের জার্সিতে এক হাজারেরও বেশি ম্যাচ খেলেছেন বুফন। বাবার পদাঙ্ক অনুসরণ করে লুইসও ফুটবলে এসেছেন। যদিও তিনি গোল করতেই বেশি ভালোবাসেন।

স্পেৎজিয়ার বিপক্ষে ম্যাচে শেষ দিকে বদলি হিসেবে লুইসকে মাঠে নামান পিসার কোচ ফিলিপ্পো ইনাজাঘি, যিনি ছিলেন তার বাবার সতীর্থ। ম্যাচে অবশ্য পিসা হেরে গেছে ২-৩ গোলে।

১৯৯১ সালের পর প্রথমবারের মতো শীর্ষ লিগে ফিরতে মরিয়া পিসা। তারা বর্তমানে সিরি-বি লিগের টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে।

07494a9a-b899-4c80-b99d-9831e0ba4c32

বাবা-মায়ের সঙ্গে ছোট্ট লুইস (বামে)

তুরিনে জন্মগ্রহণ করা লুইস অবশ্য ইতালির হয়ে নয়, খেলবেন চেক রিপাবলিকের হয়ে। তার মা চেক নাগরিক। লুইস তার মায়ের দেশকেই বেছে নিয়েছেন। সম্প্রতি তিনি চেক অনূর্ধ্ব-১৮ দলে খেলার জন্য মনোনীত হয়েছেন।

তার বাবা বুফন ১৯৯৫ সালে পার্মা দিয়ে ক্যারিয়ার শুরু করেন। পরে দীর্ঘ সময় জুভেন্টাসে খেলার পর ২০১৮ সালে পাড়ি জমান পিএসজিতে। সেখান থেকে আবারও ফেরেন জুভেন্টাসে। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত পার্মায় খেলে ক্যারিয়ারের ইতি টানেন। ইতালি জাতীয় দলের হয়ে খেলেন ১৭৬ ম্যাচ। তিনি মোট পাঁচটি বিশ্বকাপ খেলেছেন। এর মধ্যে শিরোপা জয়ের কৃতিত্ব দেখান ২০০৬ সালে।

লুইস বুফন হলেন জিয়ানলুইগি বুফনের প্রথম স্ত্রী এলেনা সেরেদোভার সন্তান। ২০১৪ সালে এ দম্পতি বিচ্ছেদ হয়ে যায়। এলেনা চেক রিপাবলিকের মডেল, যিনি ১৯৯৮ সালে মিস চেক রিপাবলিকের মুকুট জয় করেন। এরপর ইলারিয়া দামিকোর সঙ্গে সম্পর্ক গড়েন বুফন, যারা ২০২৪ সালে বিয়ে করেন।