সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করল বাংলাদেশ। নেপালের পোখারা রঙ্গশালায় আজ ভুটানকে ১২-০ গোলে হারিয়েছেন লাল-সবুজ কিশোরীরা।
মুনকি আক্তার একাই করেন চার গোল। এছাড়া তৃষ্ণা রানী ও আলপি আক্তার উভয়ই করেন সমান তিন গোল। মামোনি চাকমা ও অধিনায়ক অর্পিতা একটি করে গোল পান।
এবারের আসরে প্রতিদ্বন্দ্বিতা করছে চার দল—বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান। প্রত্যেক দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ফাইনালে মুখোমুখি হবে।
৭ ফেব্রুয়ারি পোখারায় ফাইনাল।
মেয়েদের বয়সভিত্তিক (অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০) সাফের এটা সপ্তম আসর। আগের ছয় আসরে বাংলাদেশ পাঁচবার শিরোপা জিতেছে, আর ভারত জিতেছে দুবার। এর মধ্যে ২০২৪ সালে শিরোপা ভাগাভাগি করে বাংলাদেশ ও ভারত। সর্বশেষ ২০২৫ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আসরে শিরোপা জিতে নেয় স্বাগতিক দেশের মেয়েরা।
২ ফেব্রুয়ারি ভারত ও ৪ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।










