কাতার বিশ্বকাপে হট ফেভারিট বলা হচ্ছে ২০১৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্সকে। কিন্তু উয়েফা নেশনস লিগে দলটির পারফরম্যান্স বিশ্বকাপের ফেভারিট তকমাকে কিছুটা ম্লানই করে চলেছে। সর্বশেষ শুক্রবার রাতে অস্ট্রিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফরাসিরা। চলতি আসরে তারা এখন পর্যন্ত জয়হীন।
নেশনস লিগের বর্তমান চ্যাম্পিয়নও ফ্রান্স। চলতি আসরে ‘এ লিগ’
ও ‘গ্রুপ এ ১’-এ তিনটি ম্যাচ খেলে কোনো জয় পায়নি দিদিয়ের দেশমের শিষ্যরা। ডেনমার্কের কাছে ২-০ গোলে হার দিয়ে শুরু করে পরের দুই ম্যাচে ক্রোয়েশিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে কোনোমতে ড্র করে তারা। তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে গ্রুপের চার নম্বরে অবস্থান করছে চ্যাম্পিয়নরা। দুই জয় ও এক হারে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ডেনমার্ক, যারা শুক্রবার ১-০ গোলে ক্রোয়েশিয়াকে হারায়। একটি করে জয়, হার ও ড্রয়ে চার পয়েন্টে যথাক্রমে দুই ও তিনে অস্ট্রিয়া ও ক্রোয়েশিয়া।
‘গ্রুপ এ ২’-এ দুই জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল। এক জয় ও দুই ড্রয়ে পাঁচ পয়েন্ট নিয়ে দুইয়ে স্পেন। একটি করে জয়, হার ও ড্রয়ে চার পয়েন্ট নিয়ে তিনে চেক রিপাবলিক। এখন পর্যন্ত তিন ম্যাচের সবক’টিতে হেরে গ্রুপের তলানিতে সুইজারল্যান্ড।
‘গ্রুপ এ ৩’-এ দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে চার পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউরো চ্যাম্পিয়ন ইতালি। একটি করে জয় ও হারে দুইয়ে হাঙ্গেরি। দুই ম্যাচে দুই ড্রয়ে দুই পয়েন্টে তিনে জার্মানি এবং এক ড্র ও হারে এক পয়েন্টে চারে ইংল্যান্ড।
‘গ্রুপ এ ৪’-এ দুই ম্যাচে দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে নেদারল্যান্ডস। সমান ম্যাচে এক জয় ও হারে তিন পয়েন্ট নিয়ে দুইয়ে বেলজিয়াম ও তিনে পোল্যান্ড এবং দুই হারে সবার নিচে ওয়েলস। বিবিসি










