বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি নির্বাচিত হলেন সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল। আজ শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারা হোটেলে বাফুফের বার্ষিক সাধারণ সভার (এজিএম) পর ভোটের লড়াইয়ে দিনাজপুরের সংগঠক আ ফ ম মিজানুর রহমান চৌধুরীকে ১২৩-৫ ভোটের বিশাল ব্যবধানে হারান তাবিথ আউয়াল।
আজ দুপুর ২টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় সন্ধ্যা ৬টায়। আধঘণ্টার ভেতরেই সভাপতি পদে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ।
সাইফ পাওয়ারটেকের কর্ণদার তরফদার রুহুল আমিন প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ায় সিনিয়র সহ-সভাপতি পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন ইমরুল হাসান। এছাড়া আজ চারটি সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নাসের জাহেদি, ওয়াহিদ হ্যাপি, সাব্বির আরেফ ও ফাহাদ করিম।
প্রায় দেড় দশক বাফুফের সভাপতি ছিলেন কাজী সালাহউদ্দিন। রাজনৈতিক পটপরিবর্তনের পর সম্প্রতি তিনি আর নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা দেন। এরপরই নিশ্চিত হয়ে যায়, প্রায় ১৬ বছর পর বাফুফে প্রধানের চেয়ারে বসবেন নতুন প্রধান। তবে তাবিথ ফেডারেশনে নতুন নন। ২০১২ ও ২০১৬ সালে বাফুফের সহ-সভাপতি নির্বাচিত তিনি। ২০২০ সালের নির্বাচনে সহ-সভাপতি পদে মহি উদ্দিন মহির সঙ্গে ৬৫-৬৫ ভোটে ড্র হয়। এরপর পুনরায় ভোট হলে ৬৭-৬৩ ভোটে হেরে যান তাবিথ। চার বছর পর সভাপতি নির্বাচিত হলেন রাজনীতিক ও ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুর পুত্র তাবিথ।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৩৩ জন। তবে ভোট দিয়েছেন ১২৮ জন। এর মধ্যে তাবিথ একাই পান ১২৩ ভোট। আরো ১৯টি পদে ভোট হয়েছে আজ।
তাবিথ আউয়াল আগামী চার বছরের জন্য বাফুফের সভাপতি থাকবেন।
এবার নির্বাহী কমিটির ২১ পদের মধ্যে ২০টির বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছেন ৪৬ জন প্রার্থী। সভাপতি পদের ২ জন ছাড়াও ৪ সহসভাপতি পদে ৬ জন ও ১৫টি সদস্য পদে নির্বাচন করেছেন ৩৭ জন।










