দেশের মানুষের কাছে গতকালের দিনটি ছিল আনন্দের, গৌরবের। খেরস্রোতা পদ্মা নদীতে নিজেদের অর্থে ব্রিজ নির্মাণ করে বিশ্বে নিজেদের মুখ উজ্জ্বল করেছে বাংলাদেশ। পদ্মার দুই পাড়ে গতকাল এই ব্রিজ উদ্বোধন উপলক্ষে ছিল মহা উদযাপন, মহা সম্মেলন।

এ আনন্দ ঢেউ তুলল সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে। সিডনি, নিউইয়র্ক, লন্ডনসহ বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশীরা এদিন পদ্মা ব্রিজ উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্তটা উদযাপন করেন। বাদ যাননি জাতীয় দলের ক্রিকেটাররাও। সুদূর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে থাকা জাতীয় ক্রিকেট তারকারা পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করেন কেক কেটে। সেন্ট লুসিয়ায় টিম হোটেলে কেক কাটা উৎসবে অংশ নেন ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলে পুরো বাংলাদেশ ব্রিগেড। সাকিব-তামিমরা কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করেন। এ সময় ক্রিকেটাররা একে অন্যকে কেক খাইয়ে দেন। তাতে পূর্ণতা পায় ক্রিকেট দলের এ উদযাপন।

কেক কাটার আয়োজনে নেতৃত্ব দেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। সঙ্গে ছিলেন সদ্য সাবেক অধিনায়ক মুমিনুল হক, তামিম ইকবাল, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, এবাদত হোসেন, তাইজুল ইসলাম, এনামুল হক, খালেদ আহমেদসহ দলের প্রত্যেকে। এছাড়া উপস্থিত ছিলেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, ব্যাটিং কোচ জেমি সিডন্সসহ কোচিং স্টাফের প্রত্যেকেই। বিদেশীদের উপস্থিতি এ উদযাপনে সাকিবদের আনন্দে যোগ করে বাড়তি মাত্রা।

পদ্মা সেতুর উদ্বোধনীতে শামিল হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। বোর্ড কর্মকর্তাদের উপস্থিতিতে ক্রিকেট অঙ্গন সাক্ষী হয় ঐতিহাসিক মুহূর্তের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সবুজ চত্বরে কেক কেটে পদ্মা

ব্রিজ উদ্বোধন উদযাপন করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় গণমাধ্যমকর্মীসহ বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

উল্লেখ্য, সেন্ট লুসিয়া টেস্টে প্রথম ইনিংসে ২৩৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। শুক্রবার প্রথম দিন বাংলাদেশকে অলআউট করার পর ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৬৭ রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।