হারের পর বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয় বলেছেন, ‘আমরা সত্যিই বেশ ভালো ক্রিকেট খেলেছি, তবে আমাদের আরো কিছু জায়গায় উন্নতি করতে হবে। যেসব ব্যাটার সেট হয়ে যান, দলের প্রয়োজনে তাদের ইনিংসটা আরেকটু বড় করতে হবে।’ পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসানকে নিয়ে তিনি বলেন, ‘যখনই তারা সেট হয়ে যান, তাদের বড় ইনিংস খেলা প্রয়োজন। এমন ধরনের ম্যাচ চেজ করতে না পারলে আমাদের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হবে।’ পরের ম্যাচে দারুণভাবে কামব্যাক করার প্রত্যয় ব্যক্ত করেন তাওহীদ। ৫২ বলে ৮৯ রানের টর্নেডো ইনিংস খেলে ম্যাচসেরা হওয়া অজি ব্যাটার ম্যাট রেনশ বলেন, ‘আমি কেবল নিজের ওপর বিশ্বাস রাখতে চেয়েছি এবং নিজের খেলাটা খেলতে চেয়েছি ও সেটি করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। পরিকল্পনা ভালোভাবে কাজে লাগাতে পারার পুরস্কার পেলাম।’
দলের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘আমরা অবশ্যই ভালো একটি স্কোর গড়েছি। এরপর তারা শক্ত জবাবও দিচ্ছিল। তাদের খেলার ধরনই শুরুর দিকে তাদের ভালো করতে সহায়তা করেছে। তারা পাওয়ার প্লেতে ৬৫ (প্রকৃতপক্ষে ৭২) রান তুলে নেয়। এটা আমাদের চাপে ফেলে দেয়। যদিও আমাদের বড় সংগ্রহই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়।’
দুই ম্যাচে দুই জয়। অজি দলনায়ক মিচেল মার্শ বলেন, ‘হ্যাঁ, এটা দারুণ ব্যাপার। অবশ্যই আমরা সিরিজটা জিততে চেয়েছিলাম এবং প্রথম দুই ম্যাচে সেটা করতে পারা খুবই আনন্দের। এটা সত্যিই বেশ কঠিন সফর। অপেক্ষাকৃত অনভিজ্ঞ স্কোয়াড নিয়ে এসে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। এখন আমরা শেষ ম্যাচে জয় নিয়ে ফিরতে চাই।’









