ভুটানকে ৭-১ গোলে বিধ্বস্ত করে সপ্তম নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধেই ভুটানকে ৫ গোল দেয় লাল-সবুজরা। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আজ রোববার দুপুরে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় সাবিনা খাতুনের দল। ৫-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ফেরার পর প্রতিপক্ষের জালে আরো দুবার বল পাঠায় পিটার বাটলারের দল।
অষ্টম মিনিটে ঋতুপর্ণার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে তার বাম পায়ের গতিময় শটে জল আশ্রয় নেয় ভুটানের জালে (১-০)। এরপর ১৫ মিনিটে ১০ নম্বর জার্সি পরিহিত তহুরা খাতুনের অবিশ্বাস্য এক গোল। তিনিও বক্সের সামান্য বাইরে থেকে বাম পায়ের শটে গোল করেন (২-০)। ম্যাচের ২৬ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন অধিনায়ক সাবিনা।
কিছু সময় পর দুই মিনিটের ব্যবধানে আরো দুই গোল পেয়ে যায় বাংলাদেশ। ৩৫ মিনিটে তহুরা ও ৩৭ মিনিটে সাবিনা লক্ষ্যভেদ করলেও ৫-০তে এগিয়ে যায় বাংলাদেশ। ৪১ মিনিটে দেকি লাজোম ভুটানের হয়ে গোল করে ব্যবধান কমান (৫-১)। তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। আগের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে একাই করেন ৫ গোল।
বিরতি থেকে ফেরার পর (৫৮ মিনিট) হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা। ৭২ মিনিটে সানজিদার কর্নারে হেডে গোল করেন ডিফেন্ডার মাসুরা পারভীন (৭-১)।
২০২২ সালে সাফের চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে হারায় বাংলাদেশ। একই প্রতিপক্ষ এবার তারা হারাল ৭-১ গোলের বড় ব্যবধানে।
আজ সন্ধ্যায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক নেপাল ও রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। ৩০ অক্টোবর একই মাঠে এবারের আসরের ফাইনাল।










