ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তাদের সঙ্গে তাল মিলিয়ে বল হাতে ব্যাটারদের ত্রাস শাহিন শাহ আফ্রিদি। দারুণ অবদানের কারণে এই তিন তারকাকেই তিন সংস্করণের ক্রিকেটে আগামী এক বছরের জন্য চুক্তিতে আবদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিনজনকেই কেন্দ্রীয় চুক্তিতে টপ ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। ইমাম উল হকও রয়েছেন তিন ফরম্যাটে।

গত বছর পিসিবির চুক্তিতে ২০ জন ক্রিকেটার ছিলেন, এবার তা বাড়িয়ে ৩৩ জন করা হয়েছে। গত চুক্তিতে থাকা অলরাউন্ডার ফাহিম আশরাফ ও পেসার মোহাম্মদ হাসনাইন এবার বাদ পড়েছেন। নতুন ‘ইমার্জিং ক্যাটাগরি’তে রাখা হয়েছে সাত ক্রিকেটারকে।

ওয়ানডে ও টি২০ সংস্করণে ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে পাঁচ ক্রিকেটারকে। বাবর, শাহিন ও রিজওয়ানের সঙ্গে বাকি দুই ক্রিকেটার হলেন শাদাব খান ও ফখর জামান। ইমাম উল হক ও হারিস রউফ আছেন ‘বি’ ক্যাটাগরিতে। সাদা বলে ‘সি’ থেকে ‘বি’-তে উন্নীত হওয়া ইমাম টেস্টে আছেন ‘সি’ ক্যাটাগরিতে। খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া হাসান আলি অবনমিত হয়ে সাদা বলে ‘সি’তে এবং টেস্টে আছেন ‘বি’ ক্যাটাগরিতে। মোহাম্মদ নওয়াজও আছেন ‘সি’ তে। হায়দার, আসিফ, দাহানি, ওয়াসিম, কাদির ও জাহিদসহ ‘ডি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে সাত ক্রিকেটারকে।

টেস্টে আজহার আলিকেও রাখা হয়েছে ‘এ’ ক্যাটাগরিতে, গতবার ছিলেন ‘বি’তে। ফাওয়াদ আলমও আছেন ‘বি’তে। ওয়ানডে ও টি২০র জন্য ১৬ এবং টেস্টের জন্য ১৫ ক্রিকেটারের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করেছে পিসিবি।

এদিকে যারা ম্যাচ খেলবে সব সংস্করণে তাদের ম্যাচ ফি ১০ শতাংশ বৃদ্ধি করেছে পিসিবি। আর যারা ম্যাচ খেলবেন না তাদেরও ফি বাড়ছে। আগে তারা ৫০ শতাংশ ম্যাচ ফি পেতেন, এখন থেকে পাবেন ৭০ শতাংশ।

তিন সংস্করণেই পাকিস্তান দলকে নেতৃত্ব দেয়া বাবর আজম বাড়তি দায়িত্ব পালন করায় পাবেন বাড়তি ভাতা। এটাও নতুন চুক্তিতে জানিয়ে দেয়া হয়েছে। ক্রিকইনফো