ম্যানচেস্টার সিটির হয়ে আবারো গোল করলেন নরওয়েজিয়ান বিস্ময় বালক এর্লিং হালান্ড। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনকে ৪-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। চ্যাম্পিয়নদের চার গোলের একটি করেন হালান্ড।

 

২২ বছর বয়সী হালান্ড সিটির জার্সিতে সব ধরণের প্রতিযোগিতায় এ নিয়ে ২০ গোল করলেন। এজন্য তিনি খেলেছেন ১৩ ম্যাচ।

ইতিহাদে আজ ২০ মিনিটে সিটিকে এগিয়ে দেন হোয়াও ক্যানসেলো। ৩২ মিনিটে ইংলিশ তারকা ফিল ফডেন ব্যবধান ২-০ করেন। বিরতির পর সিটির তৃতীয় গোলটি করেন আলজেরিয়ান তারকা রিয়াদ মাহরেজ। ৬৫ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকেছেন হালান্ড। যদিও সিটির প্রথম গোলটিই হতে পারতো তার। একেবারে শুরুর দিকে ফাঁকা পেয়েও বল পোস্টে মারলে গোলবঞ্চিত হন এই নরওয়েজিয়ান ফরোয়ার্ড।

 

উল্লেখ্য, গত ম্যাচে ম্যানইউর বিপক্ষে হালান্ড ও ফডেন দুজনই হ্যাটট্রিক করেছিলেন। ফর্ম ধরে রেখে আজ দুজনই গোল পেলেন।

এই জয়ে ২০ আগস্টের পর প্রথমবারের মতো পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল সিটি। আগামীকাল রোববার আর্সেনাল-লিভারপুল ম্যাচে গানাররা না জিতলে সিটিই শীর্ষে থাকবে। ৯ ম্যাচে পেপ গার্দিওলার দলের সংগ্রহ ২৩ পয়েন্ট, তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল আর টটেনহাম ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে।

 

আজ আরেক ম্যাচে চেলসি ৩-০ গোলে হারিয়েছে উলভারহ্যাম্পটনকে। গোল করেন কাই কাভার্টজ, আরমান্দো ব্রোয়া ও ক্রিস্টিয়ান পুলিসিক।

 

লা লিগায় আজ জিরোনাকে ২-১ গোলে হারায় অ্যাতলেটিকো মাদ্রিদ। ইতালিতে সাসুওলোকে ২-১ গোলে হারায় ইন্টার মিলান।