পাকিস্তানের মাটিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল টেস্ট খেলছে প্রায় দুই যুগ
পর। পাকিস্তান ও অস্ট্রেলিয়ানদের জন্য ঐতিহাসিক এই সিরিজটি উসমান খাজার জন্য আবার
বিশেষ আবেগের। তিনি জন্মভূমিতে প্রথমবারের মতো কোনো টেস্ট খেলছেন। রাওয়ালপিন্ডিতে
চলমান প্রথম টেস্টে আজ প্রথম ইনিংসে ৯৭ রানে আউট হয়ে যান ইসলামাবাদে জন্মগ্রহণ করা
এই অজি ওপেনার। ফলে ৩ রানের আক্ষেপ পোড়াবে ৩৫ বছর বয়সী এই ব্যাটারকে।
৪ উইকেটে ৪৭৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করা পাকিস্তানকে ভালোই জবাব দেয়
অজিরা। উদ্বোধনী জুটিতে ডেভিড ওয়ার্নার ও খাজা তুলে নেন ১৫৬ রান। এই রান করতে তারা
খেলেছেন ২৪৭ বল। ৪১তম ওভারে স্পিনার সাজিদ খানের বলে বোল্ড হয়ে যান ওয়ার্নার। ১১৪
বলে ৬৮ রান করেন বামহাতি ওপেনার। এরপর মার্নুস লাবুশেনকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৭৮
বলে ৪৭ রান যোগ করেন খাজা। ব্যক্তিগত ৯৭ রানে নুমান আলীর বলে ইমাম-উল-হককে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন খাজা। ১৫
বাউন্ডারিতে ইনিংসটি সাজান তিনি। অবশ্য ২২ রানে জীবন পেয়ে পরে সেঞ্চুরির কাছাকাছি
পৌঁছে যান খাজা। তার ক্যাচ ছাড়েন ফাওয়াদ আলম।
খাজার বিদায়ের পর লাবুশেন ও স্টিভ স্মিথ টানছিলেন অস্ট্রেলিয়াকে।
আলোকস্বল্পতায় খেলা আগেভাগে বন্ধ হওয়ার আগ পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ২
উইকেটে ২৭১ রান। আইসিসি র্যাংকিংয়ের এক নম্বর খেলোয়াড় লাবুশেন ৬৯ ও স্মিথ ২৪ রানে
অপরাজিত থেকে মাঠ ছাড়েন। দুজনের হার না মানা পার্টনারশিপ ৬৮ রানের।
এর আগে আজহার আলী (১৮৫) ও ইমাম-উল-হকের (১৫৭) সেঞ্চুরিতে ৪৭৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক
পাকিস্তান।










