এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে আজ শনিবার তুর্কমেনিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ফুটবল দল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল তিনটা ১৫ মিনিটে শুরু হবে।

 

প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে ২-০ গোলে হারের পরও শিষ্যদের পারফরম্যান্স নিয়ে আশাবাদী বাংলাদেশের কোচ হাভিয়ার কাবরেরা।

 

গতকাল শুক্রবার দুপুরে ম্যাচপূর্ব এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা তুর্কমেনিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।

 

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে তুর্কমেনিস্তান। তবুও কাবরেরার নজর জয়ের দিকে।  তিনি বলেন, ফিফা র‌্যাংকিংয়ে শক্তিশালী তুর্কমেনিস্তান ৫৪ ধাপ এগিয়ে থাকলেও শনিবার জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

 

কোচের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়াও। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জামাল বলেন, আমরা অবশ্যই জয় পাব। তবে সে জন্য ম্যাচে কঠোর পরিশ্রম করতে হবে। আমাদের সাহসের সঙ্গে আত্মবিশ্বাসও রয়েছে। তেমনটা করলে আমাদের ভালো সুযোগ থাকবে।

 

বাংলাদেশ ও তুর্কমেনিস্তান দুই দলই হার দিয়ে বাছাইপর্ব শুরু করেছে। ফিফা র‌্যাংকিংয়ে ১৮৮তম স্থানে থাকা বাংলাদেশ প্রথম ম্যাচে বাহরাইনের কাছে ২-০ গোলে হারে। অপরদিকে ১৩৪তম র‌্যাংকিংয়ে থাকা তুর্কমেনিস্তান ৩-১ গোলে হেরেছে স্বাগতিক মালয়েশিয়ার কাছে।

 

২০২২ সালে অংশ নেয়া সর্বশেষ চার আন্তর্জাতিক ম্যাচে একটি গোলও করতে পারেনি বাংলাদেশ। এ সময় চারটি গোল হজম করেছে তারা। এর আগে মাত্র একবার তুর্কমেনিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০২২ এশিয়ান গেমসের ওই ম্যাচে ৩-১ গোলে জয়লাভ করেছিল তুর্কমেনিস্তান।