আমস্টিলভিনের ভিআরএ ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার ওয়ানডে ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়েছে ইংল্যান্ড। নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ উইকেটে ৪৯৮ রান তোলে ইংলিশরা। তবে এতে ক্ষুধা মেটেনি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। এদিন মাত্র ৪৭ বলে সেঞ্চুরি তুলে নেয়া জস বাটলার জানালেন, ওয়ানডে ক্রিকেটে ৫০০ রানের ম্যাজিক্যাল স্কোরটা তাড়া করে যাবে ইংল্যান্ড।

মাত্র দুই রানের জন্য এদিন ৫০০ করা হয়নি ইংল্যান্ডের। তবে ভবিষ্যতে করার আশা তাদের। আর ইংলিশদের বড় স্কোর এই প্রথম নয়। আগের রেকর্ডটিও তাদেরই গড়া। ২০১৮ সালে ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ৪৮১ রান তুলেছিল ইংলিশরা। এছাড়া তাদের আছে ৪৪৪ ও ৪১৮ রানের দুটি স্কোর। নিজেদের গড়া আগের বিশ্বরেকর্ড ভাঙার পাশাপাশি লিস্ট-এ ক্রিকেটের রেকর্ডও ভেঙে দিয়েছে ইয়োন মরগানের দল। ২০০৭ সালে কাউন্টি ক্রিকেটে ৪ উইকেটে ৪৯৬ রান তুলে রেকর্ড গড়েছিল সারে। এই রেকর্ডটিও টপকে যান বাটলার (১৬২), ডেভিড মালান (১২৫) ও ফিল সল্টরা (১২২)।

২২ বলে ৬৬ রান করা লিয়াম লিভিংস্টোন শেষ দুই বল থেকে ১২ রান করতে পারলেই ইংল্যান্ডের ৫০০ হয়ে যেত। তিনি তুলতে পেরেছেন ১০।

পাঁচশর মাইলফলক নিয়ে বাটলার বলেন, আমরা অতীতেও একবার কাছাকাছি গিয়েছি এবং দলের মধ্যে বার্তা ছিল, যত বেশি পার বাউন্ডারি হাঁকাও এবং দলকে এগিয়ে নাও। প্রত্যেকেই সেভাবে খেলেছে। আমাদের জন্য ৫০০ করা কি এখন সময়ের ব্যাপার? আমি জানি না। তবে আমরা চেষ্টা করে যাব। এটি অর্জন করা অবশ্য কঠিন কাজ। ব্যাটিং উইকেট আর ছোট মাঠ হলে হয়তো এটি কখনো করা সম্ভব হবে।

বাটলার জানালেন, স্কোরের পেছনে ভূমিকা রাখে তাদের মানসিকতা। তিনি বলেন, বড় বিষয় হলো মানসিকতা, স্কোর নয়। আমরা একটি দল হিসেবে খেলি। যখন খেলি তখন একটি দল হিসেবে খেলি এবং সবসময় চাই নিজেদের ছাড়িয়ে যেতে। জানি, এটাই আমাদের এই অবস্থানে নিয়ে এসেছে।

নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝের সময়টাতে নেদারল্যান্ডসে ওয়ানডে সিরিজ খেলছে ইংলিশরা। যদিও তাদের টেস্ট ও ওয়ানডে দল ভিন্ন। আগামীকাল দ্বিতীয় ও বুধবার তৃতীয় ওয়ানডে। সব ম্যাচই আমস্টিলভিনে।  ইংলিশদের রান উৎসব এখনই শেষ হয়নি। বিবিসি

ওয়ানডের সর্বোচ্চ ৫ ইনিংস

দল          স্কোর       প্রতিপক্ষ                সাল

ইংল্যান্ড  ৪৯৮/৪   নেদারল্যান্ডস         ২০২২

ইংল্যান্ড  ৪৮১/৬   অস্ট্রেলিয়া              ২০১৮

ইংল্যান্ড  ৪৪৪/৩   পাকিস্তান               ২০১৬

শ্রীলংকা  ৪৪৩/৯   নেদারল্যান্ডস         ২০০৬

দ. আফ্রিকা            ৪৩৯/২   ও. ইন্ডিজ               ২০১৫