বিশ্বকাপের নকআউট পর্বে আজ রাতে ব্রাজিল মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার। ম্যাচের আগে ব্রাজিল কোচ তিতে বললেন কিংবদন্তি ব্রাজিল তারকা পেলের সঙ্গে তার প্রথম সাক্ষাতের গল্প। বললেন, পেলের সঙ্গে প্রথমবার দেখা হওয়ার সময় তিনি বেশ নার্ভাস ছিলেন।

কয়েকদিন ধরেই বেশ অসুস্থ পেলে। ব্রাজিলের একটি হাসপাতলে ভর্তি থাকা তিনবারের বিশ্বকাপজয়ী এ তারকা এখন শ্বাসযন্ত্রে সংক্রমণের চিকিৎসা নিচ্ছেন। তিতে তার সুস্থতার জন্য শুভকামনার কথাও জানান। 

তিতে বলেন, পেলের সঙ্গে প্রথমবার সাক্ষাতের সময় আমি রীতিমতো কাঁপছিলাম। আমার হাত ঘামে ভিজে যাচ্ছিল। তবে সেটা কবেকার ঘটনা তা বলেননি তিতে। যদিও সেদিন পেলে যে তাকে আলিঙ্গন করেছিলেন এ তথ্য জানাতে ভোলেননি তিনি।

প্রসঙ্গত, গত বছর পেলের কোলন ক্যান্সারের টিউমার অপসারণ হয়। এখন ওই অপারেশন-পরবর্তী সংক্রমণের চিকিৎসা চলছে। এই মুহূর্তে তিনি আগের চেয়ে ভালো আছেন বলেও জানান তিতে।