বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ রোববার রাতের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৫ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে রংপুর। জবাবে ঢাকা ৪ উইকেটে ১৫০ রান তুলতে সমর্থ হয়।
অভিজ্ঞ মাহমুদউল্লাহ টানা দুই ম্যাচে রংপুরের জয়ের নায়ক। শুক্রবার সিলেটের বিপক্ষে ১৬ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলে রংপুরকে জিতিয়ে ম্যাচসেরা হন বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলের সাবেক অধিনায়ক। আজ খেললেন ৪১ বলে ৫১ রানের দায়িত্বশীল ইনিংস। তার ব্যাটে ভর করেই লড়াই করার পুঁজি পায় রংপুর। এছাড়া খুশদিল শাহ ২১ বলে ৩৮ ও ডেভিড মালান ৩৩ বলে ৩৩ রান করেন।
জবাব দিতে নেমে জয়ের সম্ভাবনা তৈরি করলেও তীরে গিয়ে তরী ডোবে ঢাকার। ৭ উইকেট হাতে নিয়ে ১৮ বলে ২৫ রান করার সমীকরণ মেলাতে পারেননি মোহাম্মদ মিঠুনরা। ১৮তম ওভারে মাত্র ২ রান দিয়ে শামীম হোসেনের উইকেট নিয়ে মুস্তাফিজুর রহমানই ম্যাচের গতিপথ বদলে দেন। শেষ ১২ বলে ২৩ রান তুলতে পারেননি মিঠুন আর সাব্বির রহমান। মিঠুনের ৪৮ বলে খেলা খেলা ৫৬ রানের ইনিংসটি যায় বিফলে। ম্যাচসেরা হয়েছেন মাহমুদউল্লাহ।
এই জয়ে রাজশাহী ওয়ারিয়র্সকে তিনে ঠেলে দুইয়ে উঠে যায় রংপুর। দুপুরের ম্যাচের আগে রাজশাহী ছিল শীর্ষে। এখন শীর্ষস্থান চট্টগ্রাম রয়্যালসের। যদিও শীর্ষ তিনটি দলেরই সংগ্রহ সমান ৬ পয়েন্ট।









