রেকর্ড ২১তম গ্র্যান্ড স্লামের পথে আরো একধাপ এগিয়ে গেলেন রাফায়েল নাদাল। স্প্যানিশ গ্রেট আজ সকালে শেষ ষোলোয় আদ্রিয়ান মান্নারিনোকে সরাসরি সেটে হারিয়ে নাম লেখান কোয়ার্টার ফাইনালে।

প্রথম সেটের টাইব্রেকে দীর্ঘ ২৮ মিনিটের লড়াই হয় নাদাল ও মান্নারিনোর। অবশেষে নিজের সপ্তম সেট পয়েন্টটি কাজে লাগাতে সমর্থ হন ৩৫ বছর বয়সী তারকা। টাইব্রেকের পর মান্নারিনো চোটের সঙ্গে লড়াই করেন, এই সুযোগে নাদাল ৭-৬ (১৬-১৪), ৬-২, ৬-২ গেমের জয় তুলে নেন।

ষষ্ঠ বাছাই নাদাল কোয়ার্টার ফাইনালে খেলবেন কানাডার ডেনিস শাপোভালভের বিপক্ষে। কানাডিয়ান উঠতি তারকা ৬-৩, ৭-৬ (৭/৫), ৬-৩ গেমে হারান জার্মানির আলেক্সান্ডার জেভেরেভকে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে নাম লেখান ১৪তম বাছাই শাপোভালভ। ২০২০ আসরের সেমিফাইনালিস্ট ২৪ বছর বয়সী জেভেরেভ বিদায় নেয়ায় চলতি আসরে এখন নাদালই সর্বোচ্চ র্যাংকধারী খেলোয়াড় হিসেবে টিকে আছেন।

নারী এককে দুইবারের সাবেক চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা তৃতীয় রাউন্ডে এলিনা সভিতোলিনাকে হারিয়ে দিলেও চতুর্থ রাউন্ডে থামল তার দৌড়। আজ শেষ ষোলোয় তাকে ৬-২, ৬-২ গেমে হারান ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন বারবোরা ক্রেসিকোভা। আজারেঙ্কা ২০১২ ও ২০১৩ সালে টানা দুবার অস্ট্রেলিয়ান ওপেন জয় করেন।

নারী এককে হেরেছেন পঞ্চম বাছাই মারিয়া সাক্কারিও। তাকে ৭-৬ (৭/০), ৬-৩ গেমে হারান যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা। যদিও আমেরিকান তারকা ম্যাডিসন কিজ দারুণভাবে ছুটছেন। স্পেনের অষ্টম বাছাই পলা বাদোসাকে হারিয়ে তিনি পড়েছেন ক্রেসিকোভার সামনে। চেক খেলোয়াড় ক্রেসিকোভা শিরোপা জিতলে উঠে যাবেন র্যাংকিংয়ের শীর্ষেও। যদিও শিরোপার অন্যতম বড় দাবিদার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি।

আজারেঙ্কার বিদায়ের পর কেবল নাদাল ছাড়া নারী ও পুরুষ উভয় এককেই আর কোনো সাবেক চ্যাম্পিয়ন থাকল না।