আসন্ন এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে নাঈম শেখকে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমানে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছেন এ বাঁহাতি ব্যাটার। সেখান থেকে তিনি সরাসরি দুবাইতে দলের সঙ্গে যোগ দেবেন। আগামীকাল মঙ্গলবার এশিয়া কাপ খেলতে দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশের টিম বহর। বিকেল সোয়া ৫টায় শাহজালাল বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে উড়াল দেবেন সাকিব-মুশফিকরা।
২৩ বছর বয়সী নাঈম শেখ ৩৪টি টি২০ ম্যাচে ২৪ গড়ে ১০৩.৭১ স্ট্রাইক রেটে ৮০৯ রান করেছেন। সম্প্রতি ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে একটি সেঞ্চুরির দেখা পান তিনি। প্রথম ম্যাচে শূন্য রান করে আউট হলেও দ্বিতীয় ম্যাচে ১১৬ বলে ১০৩ রান করেন। ১৪ চার ও একটি ছক্কায় ইনিংসটি সাজান।
এর আগে ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ ও নুরুল হাসান সোহান। গত শনিবার অনুশীলনের সময় ডান পায়ের গোঁড়ালিতে চোট পান হাসান। এজন্য অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ডানহাতি পেসারকে। অন্যদিকে সোহান দুই সপ্তাহ আগে সিঙ্গাপুরে তার বাম তর্জনীতে অস্ত্রোপচার করিয়েছিলেন। সেরে উঠতে আরো সময় লাগবে।
এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন ও নাইম শেখ।










