আগামী শনিবার থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি২০ এশিয়া কাপ। একদিন পরই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। হাইভোল্টেজ ম্যাচটি ঘিরে ক্রিকেটাঙ্গন এরই মধ্যে সরগরম। তবে গত টি২০ বিশ্বকাপের মতো এবারো ভারতের বিপক্ষে পাকিস্তান জিতবে বলে আশাবাদী ওয়াসিম আকরাম।
গতকাল মঙ্গলবার স্টার স্পোর্টসের একটি মিডিয়া সেশনে পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, বাড়তি আত্মবিশ্বাসে এই ম্যাচে এগিয়ে থাকবে উত্তরসূরিরা। গত কয়েক বছর ধরে পাকিস্তান দল উন্নতি করছে। তারা ধারাবাহিকভাবে ভালো করে যাচ্ছে। আমার মনে হয়, বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়, যদিও সেটা এক বছর আগে, তাদেরকে বাড়তি আত্মবিশ্বাস দেবে ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার।
ভারতের বিপক্ষে আসছে ম্যাচে জয় নিয়ে আশাবাদী এই কিংবদন্তী ক্রিকেটার। তবে তিনি কিছুটা চিন্তিত দলের মিডল অর্ডার ব্যাটিং লাইন আপ নিয়ে। সবশেষ টি-২০ বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত টি২০ তে দলটির ৬৭ দশমিক ৫৩ শতাংশ রানই করেছে টপ-অর্ডার ব্যাটাররা। যেখানে খেলেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানরা।
আকরাম বলেন, একটা বিষয় নিয়ে চিন্তিত, তা হলো মিডল অর্ডার। চার নম্বরে ইফতেখার আহমেদ ছাড়া অভিজ্ঞ কেউ নেই। এরপর সম্ভবত থাকবে হায়দার আলি, তরুণ এই ক্রিকেটার ধারাবাহিক নয়। তাই তিনি দলের মূল ভরসা মনে করছেন বাবর আজম ও রিয়াওয়ানকেই।
এসময় বাবর ও বিরাট কোহলির মধ্যে তুলনা নিয়েও কথা বলেন ওয়াসিম। সুইং অব সুলতান বলেন, তুলনা হওয়াটা অনিবার্য ছিল। বাবর এখনো সেখানে নেই, তবে আধুনিক ক্রিকেটে গ্রেট হওয়ার সব কৌশল আছে তার মধ্যে।
আকরাম বলেন, এটা স্বাভাবিক। যখন আমরা খেলতাম, লোকেরা ইনজামাম-উল-হককে রাহুল দ্রাবিড় বা শচীন টেন্ডুলকারের সঙ্গে তুলনা করত। এর আগে জাভেদ মিয়াঁদাদ বনাম সুনীল গাভাস্কার, গুন্ডপ্পা বিশ্বনাথ ও জহির আব্বাসের মধ্যে তুলনা করত। তাই তুলনা করাটা স্বাভাবিক।
সাবেক এই পেসার বলেন, বাবর খুব ধারাবাহিক, কারণ তার সঠিক কৌশল রয়েছে। আমি তার ব্যাটিং উপভোগ করি। এখনো সে খুব ক্ষুধার্ত, শারীরিকভাবে ফিট। এখনো তরুণ এবং সব ফরম্যাটের অধিনায়ক। সে খুব দ্রুত শিখছে এবং শিখছে। যতদূর তুলনা করা যায়, বিরাট কোহলি যেখানে আছেন তার সঠিক পথে আছেন। এখনই বাবরকে কোহলির সঙ্গে তুলনা করা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু সে আধুনিক ক্রিকেটের গ্রেটদের একজন হওয়ার পথে রয়েছে। ক্রিকইনফো










