ইউরোপের ক্লাব ফুটবলে যে লড়াই অন্য সব প্রতিদ্বন্দ্বীতাকে ছাড়িয়ে যায়, তা হালো ‘এল ক্লাসিকো’। সৌদি আরবের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে আজ বুধবার রাতে আবারো মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হবে।

খেলা মাঠে গড়ানোর আগে প্রতিপক্ষ রিয়ালকে ফেভারিট বলে মনে করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। খেলোয়াড়ি জীবনে লস ব্লাঙ্কোসদের অনেকবার পরাস্ত করা জাভি কোচিং ক্যারিয়ারে প্রথমবার মুখোমুখি হচ্ছেন তাদের।

লা লিগায় টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ ফেভারিট হিসেবেই মাঠে নামবে। অন্যদিকে নিজেদের হারিয়ে খুঁজতে থাকা কাতালানরাও ছাড় দিতে রাজি নয়। তবে শক্তিমত্তার বিচারে এ মুহূর্তে রিয়ালের চেয়ে পিছিয়ে বার্সা, তা স্বীকার করেন জাভি।

বার্সা কোচ বলেন, এ মুহূর্তে বার্সা দল গঠনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। অন্যদিকে রিয়াল খুব গোছানো দল। তারা ভালো রিদমে আছে। যদিও এটা কোনো অর্থ বহন করে না। আমরা তাদেরকে সব রকম পরিস্থিতিতেই মোকাবেলা করেছি। এই মুহূর্তে রিয়াল খুব ভাল ফর্মে আছে। তাদের হারানো কঠিন কিন্তু অসাধ্য নয়। আমি দলের খেলোয়াড়দের কাছে ভাল কিছু প্রত্যাশা করেছি।

গত কয়েক ম্যাচে না পাওয়া পেদ্রি, ফেরান তরেস ও রোনাল্ড আরাউজো দলে যোগ দেয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন জাভি। তিনি বলেন, আজ আমাদের শক্তিমত্তা জানান দেয়ার সময়। আমাদের অবস্থান কোথায় তা পরখ করে নেয়ার সময়। দল গঠনের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। পেদ্রি, তরেস ও আরাউজো দলে যোগ দেয়ায় আমরা এখন অনেকটাই পরিণত। আমি তাদের পেয়ে উচ্ছ্বাসিত।

অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে থাকা বার্সা মাঠের খেলাতেও বিবর্ণ। লিগে তাদের অবস্থান টেবিলের ছয় নম্বরে। এ নিয়ে জাভি বলেন, রিয়ালের বিপক্ষে জয় আমাদের ফিরে আসার মঞ্চ হতে পারে। আমরা ফাইনালে পৌঁছাতে পারি। যা আমাদের এই খারাপ সময়ে শক্তি হিসেবে কাজ করবে। জয় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা অনেক কঠিন চ্যালেঞ্জ হলেও দারুণ সুযোগ ট্রফি জেতার। আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে তাদেরকে প্রতিহত করতে চাই। এল ক্লাসিকো সব সময় অনিশ্চিত। কেউও বলতে পারে না ম্যাচের ফলাফল কি হবে।

জাভির প্রতি উত্তরে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, আমাদের মধ্য মাঠের ফুটবলাররা দারুণ ছন্দে আছে। দেখে মনে হয় পাঁচ বছর আগের সেই মধ্যভাগ। আমরাই ম্যাচে ফেভারিট। তবে বার্সেলোনার ও সামর্থ আছে ভালো করার। পেদ্রি, আনসু ফাতি, ও তরেস বার্সাকে দারুণ কিছু উপহার দিতে মুখিয়ে থাকবে। আমাদের লক্ষ্য তাদের প্রতিহত করে আক্রমণ অব্যাহত রাখা।

ট্রান্সফার মার্কেটের রিপোর্ট অনুযায়ী, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ এ পর্যন্ত মুখোমুখি হয়েছে ২৩০ ম্যাচে। যেখানে রিয়াল ৯৪ ও বার্সা ৮৮ ম্যাচে জয় পেয়েছে। ড্র হয়েছে ৪৮ ম্যাচে। গত অক্টোবরে লা লিগায় চলতি মৌসুমে প্রথম এল ক্লাসিকোয় বার্সাকে ২-১ গোলে হারায় রিয়াল। সে সময় ক্লাবটির কোচ ছিলেন রোনাল্ড কোম্যান। নভেম্বরে যোগ দেয়া কোচ জাভি হার্নান্দেজের প্রথম এল ক্লাসিকো এটি।