নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে যায় স্বাগতিক পাকিস্তান ও বাংলাদেশের। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে ভারত ও নিউজিল্যান্ড। গতকাল রাওয়ালপিন্ডিতে নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তান ও বাংলাদেশের। যদিও বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। দুই দল পয়েন্ট ভাগাভাগি করেছে।

টানা দুই ম্যাচ হেরে যাওয়া বাংলাদেশ বৃষ্টির কল্যাণে ১ পয়েন্ট পেয়ে গ্রুপে তৃতীয় হয়েছে। পাকিস্তানের চেয়ে নিট রানরেটে সামান্য এগিয়ে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের নিট রানরেট (-) ০.৪৪৩ আর পাকিস্তানের (-) ১.০৮৭।

‘এ’ গ্রুপ থেকে দুই সেমিফাইনালিস্ট চূড়ান্ত হয়ে গেছে আগেই। রোববার গ্রুপসেরা হতে লড়বে ভারত ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। লাহোরে ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়। আগামীকাল করাচিতে লড়বে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। ৪ ও ৫ মার্চ দুটি সেমিফাইনাল এবং ৯ মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে নবম চ্যাম্পিয়নস ট্রফি।

‘এ’ গ্রুপের মীমাংসা এক ম্যাচ বাকি থাকতেই হয়ে যায়। বাংলাদেশ ও পাকিস্তান উভয়ই হেরেছে ভারত ও নিউজিল্যান্ডের কাছে। ‘বি’ গ্রুপের মীমাংসা হয়নি এখনো। আজ অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ শেষে একটি দল উঠে যাবে সেমিফাইনালে। আগামীকাল দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ম্যাচ শেষে দ্বিতীয় দলও চূড়ান্ত হবে।

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া উভয়ের ঝুলিতে জমা পড়েছে সমান ৩ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা হারিয়েছে আফগানিস্তানকে, আর অস্ট্রেলিয়া হারিয়েছে ইংল্যান্ডকে। বুধবার গ্রুপের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়েছে আফগানরা। এতে বিদায় ঘটেছে ইংলিশদের।

ইংল্যান্ডের বিদায়ে ‘বি’ গ্রুপ থেকে সেমির রেসে আছে তিন দল। রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে উভয় দল পয়েন্ট ভাগাভাগি করে। দুই দলের ঝুলিতে আছে সমান ৩ পয়েন্ট, আফগানরা পেয়েছে ২ পয়েন্ট। গ্রুপটি এখন তিন দলের জন্য উন্মুক্ত। আজ বিজয়ী দল সরাসরি উঠে যাবে শেষ চারে।