আগামী ৩০ জুন পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন—এই মর্মে এক অঙ্গীকারনামায় সই করেছেন কিলিয়ান এমবাপ্পে। খবর বিবিসি।

 

গত ফেব্রুয়ারি মাসে জানা যায়, মৌখিকভাবে রিয়ালে যোগ দিতে রাজি হন এমবাপ্পে। এরপর মে মাসে তিনি আনুষ্ঠানিকভাবে পিএসজি ছাড়ার ঘোষণা দেন। এবার জানা গেল, তিনি রিয়ালে যোগ দিচ্ছেন।

 

২৫ বছর বয়সী এমবাপ্পে ১ জুলাই লা লিগার দলবদল উইন্ডো শুরু হলে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করবেন। জুন-জুলাইয়ের ইউরো চ্যাম্পিয়নশিপ শেষে বার্নাব্যুতে তাকে রিয়ালের সমর্থকদের সামনে উপস্থাপন করা হবে।

 

ফ্রান্সের হয়ে ২০১৮ সালে বিশ্বকাপ জয় করা এমবাপ্পে পিএসজির রেকর্ড গোলদাতা। তিনি করেছেন ২৫৬ গোল। ২০১৭ সালে মোনাকো থেকে পিএসজিতে নাম লেখান এই ফরওয়ার্ড। এবার নাম লেখাচ্ছেন শৈশব থেকে স্বপ্ন দেখা ক্লাব রিয়ালে।

 

উল্লেখ্য, শনিবার রাতে ওয়েম্বলি ফাইনালে জার্মানির বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ১৫তম শিরোপা জয় করে রিয়াল মাদ্রিদ।