গত ৫ সেপ্টেম্বর সাও পাওলোর নিও কুইমিকা অ্যারেনায় কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচের ৫ মিনিট যেতেই আর্জেন্টিনার চারজন ফুটবলারের কভিড স্বাস্থ্যবিধি না মানার ইস্যুতে মাঠে ঢুকে পড়েন ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। ওই সময় তুমুল হট্টগোল শুরু হয়। পরে এক পর্যায়ে সেদিন ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
পরবর্তীতে ভবিষ্যৎ নির্ধারণের জন্য ম্যাচটি ফিফার আদালতে ওঠে। গতকাল সোমবার আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা রায় দিয়েছে ম্যাচটি আবারো খেলতে হবে ব্রাজিল-আর্জেন্টিনাকে। সঙ্গে দুই পক্ষকেই ৫০ হাজার সুইস ফ্রাঁ করে জরিমানাও করেছে সংস্থাটি। যদিও জরিমানার পরিমাণ এর আগে আরো বেশি ছিল। ব্রাজিলের জরিমানা ছিল ২ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ এবং আর্জেন্টিনার জরিমানা ছিল ১ লাখ সুইস ফ্রাঁ। ফিফার আপিল বিভাগ দুই দলের আবেদনের পরিপ্রেক্ষিতে জরিমানার অংক কমিয়ে সমান ৫০ হাজার সুইস ফ্রাঁ নির্ধারণ করে দিয়েছে।
অবশ্য ব্রাজিল পরে ম্যাচটি আবার খেলতে চাইলেও আর্জেন্টিনা খেলতে অস্বীকৃতি জানায়। তাদের যুক্তি- আমাদের তো কোন ভুল ছিল না। শেষ পর্যন্ত ফিফার আদালতের দ্বারস্থ হয় ব্রাজিল।










