তিনদফা পেছানোর পর অবশেষে মাঠে গড়াচ্ছে আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফাইনাল। নির্ধারিত সময়ের চেয়ে ১ ঘণ্টা ২০ মিনিট পিছিয়ে মাঠে গড়াচ্ছে ফাইনাল। কলম্বিয়ার উগ্র সমর্থকদের কারণে ব্যাহত হয়েছে ফাইনালের আয়োজন। অবৈধভাবে স্টেডিয়ামে প্রবেশ করতে গিয়ে মায়ামির হার্ড রক স্টেডিয়াম এবং এর আশপাশে শুরু হয়েছে ব্যাপক গণ্ডগোল। যে কারণে নির্ধারতি সময়ের অনেকটা পরেই শুরু হচ্ছে ফাইনাল।
পূর্বনির্ধারিত সূচিতে, মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ফাইনাল মাঠে গড়ানোর কথা ছিল সকাল ৬টায়। আমেরিকান গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এর এক ঘণ্টা আগে থেকে টিকিট ছাড়াই অনেক দর্শক নিরাপত্তাবেষ্টনী ভেঙে স্টেডিয়ামের গেট টপকে ভেতরে ঢুকতে চেষ্টা করেন। তাদের বেশিরভাগই ছিলেন কলম্বিয়ান জার্সি পরিহিত। দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা বাধা দিতে গেলে অনুপ্রবেশকারী ওই দর্শকদের সঙ্গে গোলমাল বেঁধে যায় তাদের। এতে তৈরি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতির।স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা বাধ্য হন টিকিটবিহীন কলম্বিয়ান ভক্তদের ওপর চড়াও হতে।
প্রটোকল অবশ্য পুরোপুরি মানতে পারেননি হার্ড রক স্টেডিয়ামের নিরাপত্তায় থাকা পুলিশেরা। কলম্বিয়ান ভক্তদের অনেকেই ঢুকে পড়েছেন বিনা টিকিটে। পুরো বিষয়টি নিয়েই সেখানে তৈরি হয় জটিল পরিস্থিতির। ফাইনালকে কেন্দ্র করে বাড়তি ব্যবস্থা নিয়েও বিতর্ক এড়াতে পারেনি কনমেবল। চরম বিপাকের মাঝে পড়ে আয়োজকরা তাৎক্ষণিকভাবে স্টেডিয়ামের গেট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়। স্থানীয় পুলিশ বিভাগ এরই মধ্যে অন্তত ১০ জনকে আটক করেছে।
আর্জেন্টাইন গণমাধ্যমের খবর অনুসারে, স্টেডিয়ামের নিরাপত্তা নিশ্চিত করতে প্রথমে ৩০ মিনিট পিছিয়ে দেয়া হয় এবারের কোপার ফাইনাল। এরপর আরও ১৫ মিনিট পেছানো হয় খেলা। সবশেষ আরো ৩০ মিনিট পিছিয়ে দেয়া হয়েছে শিরোপা নির্ধারণী লড়াই।
আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি।
কলম্বিয়ার একাদশ: কামিলো ভারগাস, সান্তিয়াগো আরিয়াস, ডেভিনসন সানচেজ, কার্লোস কুয়েস্তা, ইয়োহান মোহিকা, রিচার্ড রিওস, জেফারসন লার্মা, ঝন আরিয়াস, হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজ, ঝন করদোভা।










