রোলাঁ গারোঁর রাজা খ্যাত রাফায়েল নাদাল ফ্রেঞ্চ ওপেনে নিজের ১৪তম শিরোপা জিতে রেকর্ডটা আরো সংহত করলেন। আজ ছেলেদের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে ৬-৩, ৬-৩, ৬-০ গেমে হারিয়ে রেকর্ড ২২তম গ্র্যান্ড স্লাম শিরোপা জয় করেন। রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ ২০টি করে শিরোপা জিতে তার পরে অবস্থান করছেন। অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনে টানা শিরোপা জিতে তিনি জোকোভিচ ও ফেদেরারকে পেছনে ফেলেন।

 

রোলাঁ গারোঁয় শিরোপা পুনরুদ্ধার করলেন নাদাল। গতবার সেমিফাইনালে তিনি হেরেছিলেন জোকোভিচের কাছে। এবার কোয়ার্টার ফাইনালে জোকোভিচকে হারিয়েছেন তিনি। আর সেমিফাইনালে চোটগ্রস্ত জার্মানির আলেক্সান্ডার জেভেরভকে হারান তিনি।

 

প্যারিসের ক্লে কোর্টে ১১৫ ম্যাচ খেলে ১১২টিতে জিতলেন নাদাল। ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ব্যাক-টু-ব্যাক গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন ৩৬ বছর বয়সী নাদাল। এর আগে ২০১০ সালে টানা ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন জয় করেন তিনি।

 

আমেরিকান গ্রেট পিট সাম্প্রাস যখন ১৪টি গ্র্যান্ড স্লাম জিতে অবসর নেন তখন অনেকেই ভাবেননি যে, কেউ তার রেকর্ডটি সহসাই ভাঙতে পারবেন। কিন্তু নাদাল এক ফ্রেঞ্চ ওপেনই জিতলেন ১৪ বার! আর সব মিলে গ্র্যান্ড স্লাম শিরোপা এখন ২২টি। স্প্যানিশ ম্যাটাডোর ফিট থাকলে কোথায় গিয়ে থামেন, সেটাই এখন দেখার বিষয়। অবশ্য তার চেয়ে এক বছরের ছোট জোকোভিচ নিশ্চিতভবেই এই স্প্যানিশ খেলোয়াড়ের পিছু নেবেন।