ব্যক্তিগত নৈপুণ্যে ২০২১-২২ মৌসুমজুড়ে আলো ছড়িয়েছেন মোহাম্মদ সালাহ। এর প্রাপ্তি হিসেবে পুরস্কারও পেয়েছেন একগাদা। সদ্য শেষ হওয়া মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১টি গোল ও ১৬টি অ্যাসিস্ট করেছেন মিসরীয় ফরওয়ার্ড। প্রিমিয়ার লিগে যৌথভাবে সর্বোচ্চ ২৩ গোল করেছেন। অ্যাসিস্ট ছিল ১৪ গোলে। এজন্য দ্বিতীয়বারের মতো প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। প্রথমবার সেরা হয়েছিলেন ২০১৭-১৮ মৌসুমে।
ইংল্যান্ডের লিগে খেলা ফুটবলারদের ভোটে সেরা খেলোয়াড়কে নির্বাচন করা হয়। মেয়েদের ফুটবলে বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন চেলসি অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড স্যাম কার।
২০২১-২২ মৌসুমে ক্লাবের হয়ে বড় কোনো ট্রফি জিততে পারেননি সালাহ। কিন্তু ব্যক্তিগত যত পুরস্কার সবই তার। সর্বোচ্চ গোল করে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুটও জিতেছেন তিনি। একজন স্ট্রাইকার হয়েও এ মৌসুমের সেরা প্লে-মেকার নির্বাচিত হয়েছেন তিনি। গোল করার পাশাপাশি লিগে অন্যদের দিয়ে করিয়েছেন ১৪ গোল, যা মৌমুমের সর্বোচ্চ। অ্যানফিল্ডে ম্যানসিটির বিপক্ষে তার দুরন্ত গোলটি হয়েছে লিগের সেরা গোল। পিএফএ দর্শক ভোটেও বর্ষসেরা ফুটবলারও হয়েছেন সালাহ।
লিভারপুলের বর্ষসেরা ফুটবলারও হয়েছেন এ মিসরীয় ফুটবল জাদুকর। ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের ভোটে দ্বিতীয়বারের মতো বর্ষসেরা ফুটবলার হয়েছেন তিনি। বিবিসি










