চার আসর বাইরে থাকার পর রাশিয়া বিশ্বকাপে ফেরে মরক্কো। সেবার গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘটে আরব দলটির। তবে এবার কাতারে ইতিবাচক সূচনা করল উত্তর আফ্রিকার দেশটি। আজ আল খোরের আল বাইত স্টেডিয়ামে তারা রুখে দিয়েছে গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়াকে। কাতার বিশ্বকাপে আরব দেশগুলো আলো ছড়াচ্ছে। আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের ঐতিহাসিক জয়ের পর ড্র করল তিউনিসিয়া ও মরক্কো।

 

‘এফ’ গ্রুপে ২৭ নভেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে মরক্কো। ১ ডিসেম্বর শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ কানাডা। এ নিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলছে মরক্কো। বিশ্বকাপে তাদের সেরা সাফল্য শেষ ষোলো। ১৯৮৬ সালের মেক্সিকো আসরে তারা নকআউট পর্বে ওঠার কৃতিত্ব দেখায়।

 

আল বাইত স্টেডিয়ামে আজ মরক্কোর খেলা মন কেড়েছে সবার। সুশৃঙ্খল দলটির খেলোয়াড়রা ছিলেন প্রাণশক্তিতে ভরপুর, যারা প্রতিপক্ষের ওপর প্রেস করে খেলেছে, তেমনি দারুণভাবে রক্ষণও করেছে। দ্বিতীয়ার্ধে তারা আরো সুশৃঙ্খলভাবে খেলে ক্রোয়েশিয়াকে হতাশ করে। গোলশূন্য ড্র করা আশরাফ হাকিমি, হাকিম জিয়েখদের জন্য জন্য দারুণ এক ফলই বলতে হবে।

 

উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপে ৬৪ ম্যাচের মধ্যে মাত্র একটি ছিল গোলশূন্য ড্র, যদিও কাতারে সর্বশেষ চার ম্যাচের তিনটিই গোলশূন্য হলো। মঙ্গলবার মেক্সিকো-পোল্যান্ড ম্যাচের পর গোলশূন্য ড্র করে তিউনিসিয়া ও ডেনমার্ক। আজ করল মরক্কো ও ক্রোয়েশিয়া।